মাঠের মুখ: নাঈম উদ্দিন সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম উদ্দিন সাইফ
নাঈম উদ্দিন সাইফ

দারুণ শুরু করেছেন তামিম ইকবাল-ইমরুল কায়েস। গ্যালারিতে উৎসবের আমেজ। অথচ তার মুখে হাসি নেই! গম্ভীর মুখে মাঠের দিকে তাকিয়ে নাঈম উদ্দিন সাইফ। চমৎকার এক কাভার ড্রাইভে বল সীমানাছাড়া করলেন তামিম। এবার খানিকটা হাসি ফুটল। তবে গাম্ভীর্যের আড়ালে হাসিটা মিইয়ে যেতে সময়ও লাগল না! বাংলাদেশের জয়-পরাজয় নিয়ে খুব টেনশন হচ্ছে বুঝি? মাথাটা বাঁয়ে-ডানে দুলল বার দুয়েক। ভাবনার কারণটা অবশ্য জানা গেল পরে। নাকের ডগায় বার্ষিক পরীক্ষা! স্কুল চলছে। বন্ধুরা সবাই স্কুলে, আর সে কি না মাঠে! পাশে বসা বড় ভাই নাহিদ উদ্দিন আবার বিরাট ক্রিকেট-পাগল। সঙ্গে আছেন দুই খালাতো-চাচাতো ভাই। ভাইদের সঙ্গে বাংলাদেশের জয়োৎসব দেখবে বলে মাঠে আসা। তবে মাঠে নিয়মিত আসা হয় না। সর্বশেষ কবে আসা হয়েছিল, মনে করতে একটু কষ্টই হলো মনিপুর স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাইফের, ‘উম...যখন ছোট ছিলাম, তখন একবার এসেছিলাম।’ পাশ থেকে চাচাতো ভাই মনে করিয়ে দিলেন, ওটা ২০১২ এশিয়া কাপের ফাইনাল। ওই ম্যাচের বিশেষ কোনো স্মৃতি মনে আছে? ‘ছোটবেলার স্মৃতি কি সব মনে থাকে ভাইয়া!’—নয় বছর বয়সী সাইফের ঝটপট জবাব।