মাঠের লড়াই, মাথার লড়াই

প্রধান কোচ আবদুর রাজ্জাক প্রশ্ন করলেন, ‘তোমাদের মধ্যে প্রেম করো কে কে?’ খুদে ফুটবলারদের ছোট্ট দলটা একযোগে হলো লাজরাঙা! একজনই ব্যতিক্রম, তার পরও লাজুক মুখে মাঠের ঘাসের দিকে তাকিয়ে সে প্রায় ফিসফিসিয়ে বলল, ‘আমি করি স্যার।’ দূরে বসেও যেন পিঠ চাপড়ে দিলেন রাজ্জাক, ‘এই তো শাবাশ! প্রেম আসলে আমরা সবাই করি। এই যে তোমরা ফুটবল খেলছ, ফুটবলের প্রতি প্রেম-ভালোবাসা আছে বলেই না খেলছ।’ কোচের কথা শুনে খুদে ফুটবলারদের সবাই যেন একযোগে প্রেমিক বনে গেল, ‘জি স্যার! জি স্যার!’
গতকাল শুক্রবার এয়ারটেল রাইজিং স্টারসের দ্বিতীয় আসরের চূড়ান্ত পর্বের দ্বিতীয় দিনের শুরুও হয়েছিল ভালোবাসার কথা উচ্চারণ করে। এমনিতেই নিয়ম করে জাতীয় সংগীত গেয়ে দিন শুরু হয়; তার ওপর গতকাল ছিল মহান শহীদ দিবস। দেশ, ভাষা ও শহীদদের স্মরণ করে ভালো মানুষ হওয়ার শপথ পাঠের সময় খুদে ফুটবলারদের কণ্ঠ ছিল দৃঢ়। পায়ের দৃঢ়তা দেখাতেও কার্পণ্য ছিল না কারও। সকাল আটটার প্রথম পর্বে শরীর ঝালাই ও কোচদের কাছ থেকে সবক নেওয়াই ছিল মূল কাজ। দুপুরের পর আট কোচের আট দল নেমে গেল মাঠে। পাশাপাশি দুটি মাঠে হলো চারটি প্রীতি ম্যাচ। দলের নামকরণ করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের আট তারকা ফুটবলারের নামে। তার মধ্যে ডেভিড ডি গিয়া দলকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করেছে রায়ান গিগস দল; ওয়েইন রুনি ও ফন পার্সির খেলাও ছিল গোলশূন্য, টাইব্রেকারে ফন পার্সি ৪-৩ গোলে জয়ী। এভরা ও রাফায়েলের খেলায়ও টাইব্রেকারে শেষ; রাফায়েল ৪, এভরা ২। নির্ধারিত সময়ে দিনের একমাত্র গোলটা এসেছে ফিল জোনস ও রিও ফার্ডিনান্ডের ম্যাচে। গোল করেছে জোনস দলের সোহানুর রহমান। গোল করার পর মাঠের বাইরে এসে সোহানুর বলল, ‘বহুত খাটনি হইসে গোল দিতে!’
গোল দেওয়া কিংবা ফুটবল খেলা অবশ্যই কঠিন কাজ। এটা যেমন এবার আরও গভীরভাবে উপলব্ধি করছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী শুভ চাকমা। এয়ারটেল রাইজিং স্টারসের প্রথম আসরেও সেরা ১২০ জনের মধ্যে ছিল সে। দ্বিতীয়বারের মতো এই আসরে আসতে পেরে কেমন লাগছে? এবার কতটা আশাবাদী ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার ব্যাপারে? শুভ বলল, ‘আশা তো আছে এবার চান্স পাব। এ জন্য অনেক পরিশ্রম করেছি। এখানে এসেও আগের থেকে বেশি পরিশ্রম করছি। এটার ফল নিশ্চয়ই পাব।’
শুভ বলল ফুটবলের ফলের কথা, অন্যদিকে মানিকগঞ্জের সবুজ ফেরাজির চিন্তা পরীক্ষার ফল নিয়ে। ডাউটিয়া গড়পাড়া রহিমা হাফিজ উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে এই খুদে ফুটবলার। তা-ও আবার বিজ্ঞান বিভাগ থেকে। পরশু তার গণিত পরীক্ষা। বাসা থেকে নিষেধ ছিল, তার পরও ফুটবল ও ম্যানচেস্টার ইউনাইটেডের হাতছানিতে ছুটে এসেছে এ প্রতিযোগিতায়। কিন্তু পরীক্ষার কী হবে? লাল জার্সি পরা সবুজের উত্তর, ‘কালকে (আজ) বাসায় চলে যাব। পরীক্ষা দিয়েই আবার চলে আসব এখানে। খেলার পরপরই অঙ্ক করছি। না জানি কী হয়!’
পরীক্ষা নিয়ে এমন দুশ্চিন্তা আছে কমপক্ষে আরও ১৮-২০ জনের। তাদের অনেকেই এরই মধ্যে বাড়ির বাস ধরেছে। পরীক্ষা শেষেই আবার ছুটে আসবে বিকেএসপিতে।
পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা শিক্ষার্থীদের, আগামী দিনের ফুটবল নিয়ে দুশ্চিন্তা আট কোচের একজন মাহবুব হোসেনের। দ্বিতীয় দিন শেষে খুদে ফুটবলারদের দিকে তাকিয়ে থেকে বললেন, ‘ফুটবল তো শর্টকাটের বিষয় নয়, কিংবা ম্যাজিকও নয়। যেকোনো খেলাই দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এখানে যারা এসেছে তাদের মধ্যে অধিকাংশই স্কুল থেকে তেমন কোনো কোচিং পায়নি। কিন্তু প্রতিটি স্কুলে যদি ফুটবল খেলা বাধ্যতামূলক করে দেওয়া হতো এবং প্রতিটি স্কুলেই যদি একজন করে শিক্ষক থাকত প্রশিক্ষণ দেওয়ার মতো, তাহলে আমরা আরও অনেক ভালো ফুটবলার পেতাম। নিঃসন্দেহে এখানে যারা এসেছে, তাদের সবাই বেশ ভালো। কিন্তু এটা ধরে রাখতে চাইলে স্কুল পর্যায় থেকে যথাযথ প্রশিক্ষণ দরকার।’
আপাতত প্রশিক্ষণ চলবে আগামীকালও। প্রশিক্ষণের পাশাপাশি সন্ধ্যায় বসেছিল ‘আইস ব্রেকিংয়ের’ আসর। ফুটবল বাদে কার কোথায় প্রতিভা আছে, সেসব উপস্থাপন করার মঞ্চই বলা যায় একে। দ্বিধা-শঙ্কা-জড়তা কাটানোই ছিল মূল উদ্দেশ্য। খুদে ফুটবলারদের নিয়ে নির্মিত একটি টেলিছবিও দেখানো হয় এ আসরে।