মাতম চলছে স্পেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনিয়েস্তা-ক্যাসিয়াস-তোরেসদের বাজে পারফরম্যান্সের কারণে শোকের মাতম চলছে স্পেনের ক্রীড়াঙ্গনে। ছবি: এএফপি
ইনিয়েস্তা-ক্যাসিয়াস-তোরেসদের বাজে পারফরম্যান্সের কারণে শোকের মাতম চলছে স্পেনের ক্রীড়াঙ্গনে। ছবি: এএফপি

মাথায় হাত দিয়ে ক্লান্ত-বিধ্বস্ত অবস্থায় মাঠ ছাড়ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ওপরে বড় বড় করে লেখা দুটি শব্দ। ‘দ্য এন্ড’। স্পেনের প্রধান ক্রীড়া দৈনিক মার্কায় এভাবেই তুলে ধরা হয়েছে বিশ্বকাপ থেকে স্পেনের বিদায় কাহিনি। স্পেনের এই বিদায় কি শুধুই একটি বিশ্বকাপ অভিযানের? নাকি একটি অধ্যায়ের, একটি পথ চলার!  মার্কা কিন্তু তেমনটাই বলছে, ‘লা রোজাদের গৌরবান্বিত সময়ের হতাশাজনক সমাপ্তি—মানে এই বিদায় ফুটবল ইতিহাসের একটি বিশেষ অধ্যায়েরও সমাপ্তি।

প্রথম পর্ব থেকেই চ্যাম্পিয়ন দলের বিদায় এর আগেও দেখেছে ফুটবল বিশ্ব। কিন্তু কোনোটাই স্পেনের মতো এমন বেদনাদায়ক ছিল না। ২০০২ সালে ফ্রান্স ও ২০১০ সালে ইতালি ছিটকে গিয়েছিল প্রথম রাউন্ড থেকে। কিন্তু দুবারই তারা লড়াইটা চালিয়েছিল শেষ ম্যাচ পর্যন্ত। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা একেকারেই ‘ফালতু’ খেলতে হবে স্পেনকে। আনুষ্ঠানিকতার ওই ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসেরই অন্যতম ‘অপ্রয়োজনীয়’ ম্যাচর অভিধা পেতে পারে। বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এর চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে?

স্পেন যে কৌশল দিয়ে পুরো ফুটবল বিশ্বকেই হতভম্ব করে রেখেছিল, সেই টিকি-টাকার বিদায়ঘণ্টা যে বেজে গেছে, সেটা টের পাওয়া গিয়েছিল প্রথম ম্যাচেই। তাদের রীতিমতো বিধ্বস্ত করে ৫-১ গোলে জিতেছিল হল্যান্ড। কিন্তু দ্বিতীয় ম্যাচে যে চিলির বিপক্ষেও তাদের উড়ে যেতে হবে—সেটা বোধ হয় কল্পনাও করেননি জাভি-ইনিয়েস্তা, পেদ্রো, বুসকেটসরা। স্পেনের পত্রপত্রিকায় চলছে শোকের মাতম। ‘আরেকটি অবিশ্বাস্য উপহাস’, ‘বিপর্যস্ত অবস্থা’, ‘ব্রাজিলের দুঃস্বপ্ন’, ‘জাতীয় যন্ত্রণা’ এমন নানা বিশেষণে পরিপূর্ণ চিলির বিপক্ষে হতাশাজনক হারের খবরটি।

বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবেই বিবেচনা করা হয়েছিল স্পেনকে। তাদের এমন বিদায় মেনে নেওয়া কঠিনই বটে। কিন্তু সাফল্যের স্বর্ণশিখরে ওঠার পর সবকিছুরই যে একসময় পতন হয়, সেই স্বাভাবিক প্রক্রিয়াটা মেনেও নিয়েছেন অনেকে। মার্কায় যেমনটা লেখা হয়েছে, ‘যতক্ষণ ছিল, ততক্ষণ খুবই ভালো ছিল। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে।’ ক্রীড়া লেখক রাফায়েল পিনেদা লিখেছেন, ‘বেদনার রাত। কিন্তু আবারও উঠে দাঁড়াতে হবে। আর ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। জীবন কখনোই থেমে থাকে না।’