মাতা যাচ্ছেন আসছেন হিগুয়েইন!
‘ক্লাবের দরজা খোলাই আছে’—কোচ যখন কোনো খেলোয়াড়কে নিয়ে সরাসরি এমন কিছু বলেন তখন তাঁর ভবিষ্যৎটা পরিষ্কার হয়ে যায়। চেলসি কোচ হোসে মরিনহো একরকম বিদায়ের দরজাই তো দেখিয়ে দিয়েছেন হুয়ান মাতাকে!
আসল ঘটনা জানতে ফিরে যেতে হবে তিন দিন আগে। সাউদাম্পটনের সঙ্গে ম্যাচে শুরু থেকেই নেমেছিলেন মাতা। কিন্তু ৫৩ মিনিট খেলার পরই তুলে নেওয়া হয় তাঁকে। সাইড বেঞ্চে মাতার অসন্তোষটা ধরা পড়েছিল টিভি ক্যামেরাতেই।
সেই ম্যাচের পরই মরিনহোর দিকে প্রশ্ন ছুটে গিয়েছিল, মাতা কি চেলসি ছাড়ছেন? মরিনহো অবশ্য কালও বলেছেন স্প্যানিশ মিডফিল্ডারকে তিনি ছাড়তে চান না, কিন্তু ‘দরজা খোলা আছে’ বলেও বার্তা দিয়ে রেখেছেন।
জানুয়ারির দলবদল এখন তাই সরগরম মাতার থাকা না-থাকা নিয়ে। বাতাসে গুঞ্জন, ম্যানচেস্টার ইউনাইটেড নাকি এই মিডফিল্ডারকে পেতে আগ্রহী। লিগে খাবি খেতে থাকা ইউনাইটেডের মাতার মতো একজনকে দরকারও।
কিন্তু হিগুয়েইনকে পেতে আগ্রহী ক্লাবের তালিকায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি ও স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের নামও আছে। মরিনহো ইংলিশ কোনো ক্লাবের চেয়ে স্পেন বা ফ্রান্সের কোনো ক্লাবেই হয়তো দিতে চাইবেন মাতাকে।
অথচ গত দুই মৌসুমে চেলসির সেরা খেলোয়াড় ছিলেন মাতাই। মরিনহো আসার পর থেকেই দলে অনিয়মিত হয়ে পড়েছেন। এই মৌসুমে ২০ ম্যাচের ১১টিতে নেমেছেন প্রথম একাদশে।
মরিনহো অবশ্য এবার পরীক্ষিত একজন স্ট্রাইকার চাইবেন খুব করেই। তিন স্ট্রাইকার তোরেস, ইতো, ডেম্বা বা মিলে করেছেন মাত্র ৭ গোল। শোনা যাচ্ছে, চেলসি এবার হাত বাড়িয়েছে নাপোলির গঞ্জালো হিগুয়েইনের দিকে। নাপোলির কাছে ৫ কোটি পাউন্ডের বিশাল অঙ্কের প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে! এই মৌসুমেই নাপোলিতে এসেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ফর্মেও আছেন, করেছেন ৯ গোল। নাপোলি তাই সহজেই সোনার ডিম পাড়া হাঁসকে ছাড়তে চাইবে? ওয়েবসাইট।