মাতায় মরল টটেনহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটি ছিল আন্দ্রে ভিলাস-বোয়াসের জন্য প্রতিশোধের উপলক্ষ। কিন্তু শেষ পর্যন্ত চেলসির আগুনেই নির্মমভাবে দগ্ধ হলেন এভিবি। লন্ডন ডার্বিতে তাঁর দল টটেনহামকে যে ৪-২ গোলে হারিয়েছে রবার্তো ডি মাত্তেওর চেলসি, তা-ও আবার টটেনহামের মাঠেই! গোলবহুল ম্যাচটি শুরু থেকেই ছিল আক্রমণ পাল্টা-আক্রমণে জমজমাট। দুই দলই খেলেছে গোলের জন্য, তাই এন্তার সুযোগ জুটেছিল দুই দলেরই। চেলসি মাঠে নেমেছিল নিষেধাজ্ঞায় থাকা অধিনায়ক জন টেরিকে ছাড়াই। শেষমেশ সেটা ‘শাপে বর’ই হয়েছে। টেরির জায়গায় সুযোগ পাওয়া গ্যারি কাহিলই ১৮ মিনিটে এগিয়ে নেন নীল দলকে। ওদিকে ভিলাস-বোয়াস তুরুপের তাস গ্যারেথ বেলের অভাবটা ভালোই টের পেয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ম্যাচটা খেলতে পারেননি এই উইঙ্গার। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধেই শুরু হয় আসল খেলা। বিরতির পরেই উইলিয়াম গ্যালাস ও জার্মেইন ডিফোর গোলে ২-১ গোলে এগিয়ে যায় টটেনহাম। মনে হচ্ছিল, শেষ হাসিটা হয়তো এভিবিই হাসতে যাচ্ছেন। কিন্তু পরের অধ্যায়টা পুরোপুরিই চেলসির, আরেকটু নির্দিষ্ট করে বললে হুয়ান মাতার। দুটি গোল নিজে করেছেন। একটি করিয়েছেন সতীর্থ ড্যানিয়েল স্টারিজকে দিয়ে।ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল-জুভেন্টাসের জয়: ইংলিশ প্রিমিয়ার লিগে কাল জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলও। রুনির জোড়া গোলে ইউনাইটেড নিজেদের মাঠে স্টোক সিটিকে হারিয়েছে ৪-২ গোলে। এডিন জেকোর জোড়া গোলে সিটি ওয়েস্টব্রমকে হারিয়েছে ২-১ গোলে। নিজেদের মাঠে লিভারপুল ১-০ গোলে জিতেছে রিডিংয়ের বিপক্ষে। নরউইচের কাছে আর্সেনাল হেরে গেছে ১-০ গোলে। স্পেনে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। ১১ মিনিটে দলকে এগিয়ে দেন হিগুয়েইন। ৬৭ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় গোলটি করেছেন পেনাল্টি থেকে। ইতালিতে জয়ের ধারা ধরে রেখেছে জুভেন্টাস। কাল তারা ২-০ গোলে হারিয়েছে নাপোলিকে। ওয়েবসাইট।