মাত্তেওই চেলসির স্থায়ী কোচ!
এখনো তিনি ভাবছেন পেপ গার্দিওলাকে নিয়ে। কিন্তু রোমান আব্রামোভিচ বুঝে গেছেন, বার্সেলোনার বিদায়ী কোচকে চেলসিতে অন্তত এখন টেনে আনা সম্ভব নয়। আর তাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জেতানো রবার্তো ডি মাত্তেওকেই দেওয়া হচ্ছে ‘কৃতজ্ঞতা’র প্রতিদান। চেলসির কোচ হিসেবে শিগগিরই ঘোষণা করা হবে এই ইতালিয়ান কোচের নাম। এই খবর দিয়েছে ইএসপিএন। আপাতত এক বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন মাত্তেও। এ সময় চেলসি ভালো না করলে তত দিনে বিশ্রাম কাটিয়ে ফিরে আসা গার্দিওলার পেছনে আবার ছুটবেন আব্রামোভিচ। চেলসির ভেতরের একটি সূত্র ইএসপিএনকে বলেছে, এক বছরের জন্য দায়িত্ব নিতে প্রথমে নিমরাজি ছিলেন মাত্তেও। কিন্তু শেষ পর্যন্ত এটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন, ‘আমি মনে করি মাত্তেও এক বছরের জন্য হলেও থেকে যাবে। এটা হয়তো আদর্শ নয়, কিন্তু ও দায়িত্বটা নেবে বলেই মনে হচ্ছে। কারণ ও এই দায়িত্বটা খুব করে চায়। ও মনে করে, এই এক বছরেই সে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবে।’ ওয়েবসাইট।