মাত্তেওকে কোচ করার দাবি
সময় কত দ্রুত বদলে যায়! গত বছরের এই সময়টায় চাকরি ছিল না রবার্তো ডি মাত্তেওর। আর আজ তাঁকে পূর্ণকালীন কোচ করতে চেলসিকে পরামর্শ দিচ্ছে কত লোক। আন্দ্রে ভিলাস-বোয়াসের সহকারী আজ চেলসির ভারপ্রাপ্ত কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগে হাবুডুবু খাওয়া মুমূর্ষু চেলসিকে নতুন জীবন দিয়েছেন, তুলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। এর আগে রোমান আব্রামোভিচের দলটি একবারই খেলেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। সেই দলের কোচ আভরাম গ্রান্ট বললেন, মাত্তেওর হাতেই চেলসির পুরো দায়িত্ব তুলে দেওয়া উচিত। তাঁকে চাইছেন খেলোয়াড়েরাও।২০০৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারের পরই বরখাস্ত হয়েছিলেন আভরাম। মস্কোতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হারটিই তাতিয়ে তুলেছিল সাফল্য-বুভুক্ষু রোমান আব্রামোভিচকে। সাবেক এই কোচ বিবিসি রেডিও ফাইভকে সরাসরি প্রচারিত এক অনুষ্ঠানে বলেছেন, চেলসির উচিত মাত্তেওকে আরও এক বছর কোচ হিসেবে রেখে দেওয়া, ‘সে দলটাকে নিয়ে দারুণ কাজ করেছে। এই দল নিয়ে ফাইনালে ওঠাটা অবিশ্বাস্য।’এখন যেহেতু চেলসি উন্নতি করছে, তাই রাশিয়ার ধনকুবের এবার মাত্তেওকে রেখ দিলেও দিতে পারেন বলেই মনে করেন আভরাম।দায়িত্ব নেওয়ার পর ১৫ ম্যাচের ১০টিতে চেলসিকে জেতানো মাত্তেওর প্রশংসায় পঞ্চমুখ চেলসি ফুটবলার ব্রানিস্লাভ ইভানোভিচ ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। চেলসির রূপান্তরের পুরো কৃতিত্বই কোচকে দিয়েছেন এই দুজন। তবে তাঁকে কোচ হিসেবে রাখা না-রাখাটাকে একান্তই ক্লাবের ব্যাপার বলেছেন ল্যাম্পার্ড। এএফপি।