মাত্র আড়াই হাজার টাকা পুরস্কার!
হাতে ফুলের তোড়া। মুঠোয় চেক। জাতীয় ক্রীড়া পরিষদে কাল এভাবেই পাওয়া গেল আমিনুল হক, হামিদুল ইসলাম, শারমিন আক্তার (রত্না), সাদিয়া সুলতানা, জয় উ প্রুদের।গত বছর ফেব্রুয়ারিতে ঢাকায় হয়েছিল এসএ গেমস। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তখন ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, সোনাজয়ীদের আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। সে অনুযায়ী অনেক দেরিতে হলেও কাল সোনাজয়ীদের পুরস্কৃত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।এত দেরি হলো কেন? মন্ত্রী বলেছেন, ‘কাজের ব্যস্ততা, প্রতিভা অন্বেষণ কর্মসূচি, বিশ্বকাপ ক্রিকেট এবং বাজেট-স্বল্পতার কারণে এত দিন এই পুরস্কারের টাকা দেওয়া যায়নি।’ফুটবল, ক্রিকেট, শ্যুটিং, কারাতে, ভারোত্তোলন, উশু, বক্সিং, তায়কোয়ান্দো, গলফ—এই খেলাগুলোতে ১৮টি সোনা জেতে বাংলাদেশ। প্রতিটি সোনার জন্য দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা। রুপা ও ব্রোঞ্জজয়ীদের টাকা দেওয়া হয়নি।ফুটবলে সোনাজয়ী দলে ২০ জন খেলোয়াড়ের মধ্যে ৫০ হাজার টাকা ভাগ করলে আর কী থাকে! প্রতি খেলোয়াড়ের ভাগে মাত্র আড়াই হাজার টাকা! ফুটবল দলের খেলোয়াড়েরা অত হিসাব-নিকাশেই যাননি। ৫০ হাজার টাকা বাফুফের কাছে দিয়েছেন কোনো একজন দুস্থ খেলোয়াড়কে দেওয়ার জন্য। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী সোনাজয়ীদের পাঁচ লাখ টাকা করে দিয়েছেন।ভারোত্তোলনে সোনাজয়ী হামিদুল ইসলাম বলছেন, ‘পুরস্কার খেলোয়াড়দের উৎসাহ বাড়ায়। এমন আর্থিক পুরস্কারের ঘোষণা আগে গেমস বা যেকোনো প্রতিযোগিতার আগে দিলে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব বেড়ে যায় শতগুণ।’এসএ গেমস শেষ সেই কবেই। তারপর আবার সবকিছু তথৈবচ। আর অনুশীলন ক্যাম্পের খবর নেই। আগামী এসএ গেমসে গতবারের সাফল্য ধরে রাখা অসম্ভব মনে করছেন খেলোয়াড়েরা। কারাতেকা সৈয়দ নুরুজ্জামানের কথা, ‘আগামী এসএ গেমসের ক্যাম্প তাড়াতাড়ি শুরু করা উচিত। দীর্ঘমেয়াদি অনুশীলন না হলে গতবারের সাফল্য হারিয়ে যাবে।’