মাত্র চব্বিশেই অবসর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২৪ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে ‘বিদায়’ জানিয়ে দিলেন কেভিন প্রিন্স বোয়াটেং। এসি মিলানের এই ঘানাইয়ান মিডফিল্ডার বিশ্ব ফুটবলে খুব বড় তারকা নন, তবে আলোচিত অবশ্যই। নীরবে খেলে যাচ্ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে, প্রথমে টটেনহামে, পরে পোর্টসমাউথে। গড়পরতামানের ফুটবলার হিসেবে কতজনই তো খেলেন ইংলিশ লিগে। কিন্তু কেভিন-প্রিন্স বোয়াটেং বিখ্যাত হয়ে উঠলেন স্রেফ একটা লাথির জোরে। ২০১০ বিশ্বকাপের আগে এফএ কাপের ফাইনালে লাথিটা যে মেরেছিলেন চেলসির জার্মান তারকা মাইকেল বালাককে। ওতেই ভাঙে পা এবং পুরো জার্মানি আর বালাককে কাঁদিয়ে শেষ হয় জার্মান অধিনায়কের ২০১০ বিশ্বকাপ স্বপ্ন। ঘানাইয়ান বংশোদ্ভূত হলেও জার্মানিতে বেড়ে ওঠা বলে কেভিন প্রিন্স বোয়াটেং পরিণত হন গোটা জার্মানির ‘শত্রু’। অভিমানই হোক, কিংবা রোষের আগুন থেকে নিজেকে বাঁচাতে, জার্মানির বদলে ঘানাকে বেছে নেন কেভিন। ঘানার হয়ে বিশ্বকাপও খেলেন। অথচ তাঁরই ছোট ভাই জেরোম বোয়াটেং খেলেন জার্মানির হয়ে। গত মৌসুমে এসি মিলানে যোগ দিয়েই চোখ কেড়েছেন। সম্প্রতি মিলান সিরি ‘আ’তে লেচ্চের সঙ্গে তিন গোলে পিছিয়ে পড়েও জিতেছে তাঁর দুর্দান্ত হ্যাটট্রিকে। এখন সময় জাতীয় দলে আরও আলো ছড়ানোর! কিন্তু এখনই কিনা অবসরের ঘোষণা! ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘অ্যাসোসিয়েশন কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের চিঠি পেয়েছে। তিনি সিনিয়র জাতীয় দল থেকে সরে দাঁড়োনোর সিদ্ধান্ত নিয়েছেন।’ কারণটা কী? একই সঙ্গে ক্লাব ও জাতীয় দলে খেলতে গিয়ে শারীরিক ধকল যাচ্ছে প্রচণ্ড, আর এটা তিনি সামলাতে পারছেন না! ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ওয়েবসাইট।