মাথা উঁচু করে অনিশ্চিত পথে ব্রড
পিটার বোরেন এই কথা বলতে পারেন। বলতে পারেন পরশ খাড়কা বা মোহাম্মদ নবীরা। কিন্তু গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েও যদি মাথা উঁচু রাখার কথা বলেন ইংল্যান্ড অধিনায়ক, খানিকটা চমকাতেই হয়। পরশু স্টুয়ার্ট ব্রড যখন বললেন কথাটি, সংবাদ সম্মেলনে কিছু বিস্মিত চেহারাও চোখে পড়ল। তবে খানিকটা ভাবলে আর পেছনে তাকালে এই দাবির জন্য ব্রডকে কাঠগড়ায় না-ও দাঁড় করাতে পারেন!
খুব বেশি দিন হয়নি, অস্ট্রেলিয়ায় দুঃস্বপ্নের এক সফর থেকে এসেছে ইংল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজ সফরও খুব ভালো কিছু হয়নি। বাংলাদেশে পা রেখেও জোর দিয়ে কোনো আশার কথা বলতে পারেননি ব্রড। অনভিজ্ঞ এই দলটি হারিয়েছে গ্রুপের সবচেয়ে ফেবারিট দলকে। নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে লড়াই করার সুযোগ না পেয়েই। পরশু দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে মাত্র ৩ রানে। ব্রড অমন দাবি করতেই পারেন!
‘এই বিশ্বকাপ থেকে অনেক ইতিবাচক কিছু পেয়েছি আমরা। যেভাবে পারফর্ম করছি তাতে মাথা উঁচু করেই দেশে ফিরতে পারি। আমরা গ্রুপ পর্ব উতরালেই বরং অনেকে বিস্মিত হতো। আমরা হতাশ, কিন্তু যে স্কোয়াড পেয়েছি তাদের নিয়ে খুব একটা খারাপ করিনি। চোটের কারণে গুরুত্বপূর্ণ কয়েকজনকে পাইনি। আর দিন শেষে টি-টোয়েন্টি তো “এন্টারটেইনমেন্ট বিজনেস।” আমরা হেরেছি, কিন্তু বিনোদনের কোনো কমতি ছিল না।’ নিউজিল্যান্ডের কাছে হারের পর বজ্রবিদ্যুৎ নিয়ে ব্রডের অতি বাড়াবাড়িতে বিরক্ত হতে পারেন, তবে পরশুর এই বক্তব্যে সত্যকথনই পাওয়া যাচ্ছে বেশি।
আজ হল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা এক মৌসুম শেষ হচ্ছে ইংল্যান্ডের। ফ্লাওয়ার-পিটারসেনবিহীন ইংলিশ ক্রিকেটে এখন নতুন দিনের আগমনের অপেক্ষা। ব্রডও তাকিয়ে সেদিকেই, ‘এই শীত মৌসুম আমাদের ভালো কাটেনি, অস্ট্রেলিয়া সফরটি ছিল খুব কঠিন। কিন্তু সময়ে সময়ে পরিবর্তন সব সময়ই রোমাঞ্চকর। আমরা তাকিয়ে সেদিকেই।’
এই রোমাঞ্চকর সময়ে অধিনায়কের ভূমিকায় ব্রড থাকছেন কি না, সেটি এখন সংশয়ের মেঘে ঢাকা। দেশে ফিরেই অস্ত্রোপচার করাবেন হাঁটুতে, ইংলিশ গ্রীষ্মের শুরুর খানিকটা তাই পাবেন না। আর তাঁর নেতৃত্বেই দু-দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলো ইংল্যান্ড। সব মিলিয়ে নিশ্চিত নন তিনি নিজেই, ‘সামনের কদিনে কোচিং স্টাফ, ম্যানেজমেন্টে অনেক পরিবর্তন আসবে। অনেক কিছুই হয়তো বদলে যাবে। আমি ঠিক নিশ্চিত নই অধিনায়ক থাকব কি না।’