মাথা উঁচু করেই বিদায় আইরিশদের
লড়াইটা যখন সমশক্তির দুই দলের, ছোট হলেও রোমাঞ্চ ছড়াতে বাধ্য! তা ছাড়া আয়ারল্যান্ড-হল্যান্ডের মর্যাদার লড়াইটাও তো বিশ্বকাপে একের পর এক রোমাঞ্চ উপহার দিয়ে যাওয়া ‘বি’ গ্রুপেরই। দুই দল আগেই বাদ পড়ায় কোয়ার্টার ফাইনাল উত্তেজনাটুকুই শুধু ছিল না, বাকি সবই ছিল।নয়তো সেঞ্চুরির পিঠে সেঞ্চুরি, ৩০০ পেরোনো রান টপকে জয়ের উত্তেজনা, টানা চার বলে চার রান আউট হওয়ার বিরল ঘটনা, অনেক রোমাঞ্চই উপহার দিল ছোট দুই দলের দ্বৈরথ। আফসোস, সেই রোমাঞ্চের সাক্ষী ইডেনের ফাঁকা গ্যালারি। তাতে আইরিশদের দ্বিতীয় জয়ের মাহাত্ম্য এতটুকু কমছে না। বরং এই বিশ্বকাপে আয়ারল্যান্ডই একমাত্র দল হিসেবে দুটি জয়ই ছিনিয়ে নিল ৩০০ পেরোনো রান তাড়া করে।ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান (৩২৮) তাড়া করে জয়ের রেকর্ড গড়া আয়ারল্যান্ড কাল জিতল ৩০৭ রান তাড়া করে। ইংল্যান্ডের বিপক্ষে কেভিন ও’ব্রায়েন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। হল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ের নায়ক পল স্টার্লিং করেছেন এই বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম (বিশ্বকাপে চতুর্থ দ্রুততম) সেঞ্চুরি, ৭০ বলে। অধিনায়ক পোর্টারফিল্ডের (৬৮) সঙ্গে স্টার্লিং গড়েন এই বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি (১৭৭ রান)। ২ রানের ব্যবধানে দুজনের বিদায়েও তাই কোনো সমস্যা হয়নি আইরিশদের। অপরাজিত ১৫, অবদান বেশি নয়, তবে কেভিন ও’ব্রায়েন জয়সূচক রান নিয়েছেন ছক্কা মেরে।কদিন পরই ইডেন গার্ডেন হবে তাঁর হোম গ্রাউন্ড। আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া রায়ান টেন ডেসকাটের জন্য তাই কাল ইডেন ছিল অন্য রকম উপলক্ষ।উপলক্ষটাকে তিনি রাঙিয়ে দিয়েছেন বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করে। ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ করা ডেসকাট কাল করেন ১০৬। সঙ্গে অধিনায়ক পিটার বোরেনের ৮৪ রানের ইনিংসে বড় পুঁজিই পায় বিশ্বকাপে প্রথম জয়ের জন্য তৃষ্ণার্ত হল্যান্ড। তাদের স্কোরশিটে আরও কটি রান যোগ হতে পারেনি ইনিংসের শেষ চার বলে চার ব্যাটসম্যান রান আউট হয়ে ক্রিকেটকে নতুন এক রেকর্ড উপহার দিয়ে।