মাথা উঁচুই থাকছে উরুগুয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালে ওঠা হলো না! হল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে বিদায় হয়ে গেছে উরুগুয়ের। তবে এ হারের কারণে লজ্জা নয়, মাথা উঁচু করেই উরুগুয়ে দল দেশে ফিরবে বলে জানিয়ে দিয়েছেন কোচ অস্কার তাবারেজ।এককালের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বিশ্বকাপের প্রথম শিরোপার মালিক উরুগুয়ে ১৯৫০ সালে মাত্র দ্বিতীয় অংশগ্রহণেই জয় করে নেয় আরও একটি বিশ্বকাপ শিরোপা। এরপর ৬০ বছরের খরা। এককালের অবিসংবাদিত সেরারা পতনের খাদ বেয়ে নিচে নেমে গেছে অতলে। বিশ্বকাপ শিরোপা দূরে থাক, দলটি সর্বশেষ বিশ্বকাপের শেষ চারে খেলেছে আজ থেকে ৪০ বছর আগে—সেই ১৯৭০ সালে। এবারের বিশ্বকাপ উরুগুয়ের ফুটবলের পুনর্জাগরণের ইতিহাস হয়েই রইবে। ফাইনালে ওঠা হয়নি তাতে কী। ফুটবলাররা যা অর্জন করেছেন তা-ই উরুগুয়ের সোনালি ইতিহাস তুলে ধরার জন্য যথেষ্ট।ফাইনালের উরুগুয়ের বিদায়ের প্রতিক্রিয়ায় রয়টার্সকে তাবারেজ বলছেন, ‘আমার দল নিয়ে আমি গর্বিত। প্রতিপক্ষের সঙ্গে সমান তালে লড়েছে ফুটবলাররা। ওদের কাছে এর চেয়ে বেশি প্রত্যাশা করা ঠিক হবে না।’ এখানেই থামেননি উরুগুয়ের কোচ, ‘যদি হারতে হয়, এভাবে লড়েই হারতে চাই আমরা। আমি বিশ্বাস করি, সবদিক থেকেই প্রতিপক্ষকে সমস্যায় ফেলেছি আমরা।’যে দলটি ফুটবলের ঐতিহ্যই হারাতে বসেছিল, তারাই এবার দেশকে ফাইনালে তোলার স্বপ্ন দেখিয়েছে। স্বপ্নভঙ্গের বেদনায় কি পুড়ছে না সমর্থকেরা? তাবারেজ অবশ্য নিজেদের অর্জন নিয়েই ভাবতে চান, ‘দক্ষিণ আমেরিকার চারটি দেশে শেষ আটে উঠেছিল। এর মধ্যে একমাত্র উরুগুয়েই শেষ চারে খেলেছে। দেশে ফিরে অন্তত বলতে পারব, দক্ষিণ আমেরিকা থেকে শুধু আমরাই সেমিফাইনালে খেলে এসেছি। উরুগুয়ে আসলে কী চায়, তা সবাইকে দেখিয়ে এসেছি।’