মাথা ঘুরিয়েছে আইপিএল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলই মাথা খেয়েছে কেভিন পিটারসেনের। আইপিএলের মোহে পড়েই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন কেপি! আইপিএল না থাকলে হঠাৎই মতিভ্রম হতো না এই ইংলিশ ব্যাটসম্যানের। ঝামেলায় জড়াতেন না কোচ ও অধিনায়কের সঙ্গে। এই উপলব্ধি ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের।কয়েক মাস ধরে একের পর এক বিতর্কে জড়িয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের ড্রেসিংরুমের আবহই বদলে দিয়েছেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। সর্বশেষ ফ্লাওয়ার ও স্ট্রাউসের সমালোচনা করে খুদে বার্তা পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কিছু ক্রিকেটারের কাছে। সেই জের ধরেই তাঁকে বাদ দেওয়া হয় লর্ডস টেস্টের দল থেকে।ফ্লাওয়ারের বিশ্বাস, পিটারসেনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো মনোযোগই নেই। ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের সব ধ্যানজ্ঞান ভারতের লোভনীয় ঘরোয়া ক্রিকেটকে ঘিরেই। এই মৌসুমের শুরুতে ওয়ানডে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেতেই এই সিদ্ধান্ত। পরে অবশ্য এক ইউটিউব ভিডিওতে ইংল্যান্ডের হয়ে তিন ধরনের ক্রিকেটেই খেলার আকুতি জানিয়েছিলেন।তবে ফ্লাওয়ার নিশ্চিত, ‘ইন্ডিয়ান পয়সা লিগে’ খেলতেই হবে কেপির এই চিন্তাই সর্বনাশ করেছে। যেহেতু ইংল্যান্ডের সূচির সঙ্গে আইপিএলের সময়সূচি সাংঘর্ষিক। আর শিগগরিই ইংল্যান্ড আইপিএলকে কোনো উইন্ডো দিচ্ছে না। তাই এটা কেপির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ঘোষণাই দিচ্ছে। ফ্লাওয়ার এদিকই ইঙ্গিত করেছেন, ‘আমার মনে হয়, এটাই ঠিক, ব্যাপারটা আইপিএলের পুরোটা খেলা নিয়েই। এটাই তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। আরও অনেকগুলো ঘটনার পেছনে এটাই অনুঘটক হিসেবে কাজ করেছে।’আগামী মাসেই ইংলিশ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি হবে। ফ্লাওয়ারের ধারণা, এই সময়ের আগেই পিটারসেন সমস্যার সমাধান হয়ে যাবে না। তবে এখনই কেপির ভবিষ্যৎ ও চুক্তি সম্পর্কে শেষ কথা বলতে নারাজ ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচ, ‘এটা বলা ঠিক বলে আমি মনে করি না। আমি কেন্দ্রীয় চুক্তি নিয়ে কোনো সময়সীমা বেঁধে দেব না, কারণ সেটা অবাস্তব হতে পারে। তবে বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা নিয়ে মীমাংসা হতে অনেক সময় নেবে।’ এএফপি।