মাথা নিচু করে ফিরবেন ম্যারাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম আর রাজনীতিতে নাকি শেষ কথা বলে কিছু নেই। এখন মনে হচ্ছে, ফুটবলের ‘আর্জেন্টিনা’ শব্দটাও এই প্রবাদে ঢুকিয়ে দেওয়া যায়। এই দেশের ফুটবলে অন্তত ‘শেষ কথা’ বলে কিছু নেই।ডিয়েগো ম্যারাডোনা নাকি হুলিও গ্রন্দোনার শর্ত মেনেই আবার আর্জেন্টিনার কোচ হতে তৈরি! ম্যারাডোনা-পর্ব শেষ হয়ে গেছে বলে বিশ্ব নিশ্চিতই হয়ে গিয়েছিল। ভারপ্রাপ্ত কোচ সার্জিও বাতিস্তা তাঁর মতো করে দল সাজিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ৪-১ গোলে দাপুটে জয় পেয়েছে। ফলে বাতিস্তার স্থায়ী নিয়োগ সময়ের ব্যাপার মনে হচ্ছিল। ম্যারাডোনাও ইংলিশ লিগ থেকে শুরু করে পর্তুগাল—সর্বত্র চাকরি খুঁজে বেড়াচ্ছিলেন।হঠাৎ ম্যারাডোনার এক ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা গাস্তো গ্রানাদোস সংবাদমাধ্যমে জানালেন, আবার আর্জেন্টিনার দায়িত্ব নিতে পারেন ম্যারাডোনা। সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্চনারের সঙ্গে দেখা করে এই ইচ্ছার কথাই নাকি জানিয়ে এসেছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার নাকি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট গ্রন্দোনার শর্ত মেনেই কাজে নামতে রাজি এই ফুটবল কিংবদন্তি।২০০৮ সালে দুনিয়াকে চমকে দিয়েই আর্জেন্টিনার দায়িত্ব পেয়েছিলেন ম্যারাডোনা। তারপর মাঠে দলের ভরাডুবি ও একের পর এক খেলোয়াড় পরিবর্তন করে দারুণ সমালোচিত হলেন এবং বিশ্বকাপে এসে আরেক দফা সবাইকে চমকে দিলেন আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। শেষ পর্যন্ত অবশ্য ওই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানির কাছে যাচ্ছেতাইভাবে হেরে। তার পরও আর্জেন্টাইনরা ম্যারাডোনাকে চাচ্ছিল। চাচ্ছিলেন খোদ প্রেসিডেন্ট থেকে শুরু করে আর্জেন্টিনার সাধারণ মানুষ পর্যন্ত।কিন্তু জার্মান-অপমান শেষে নিজে বলেছিলেন, তাঁর আর দেওয়ার কিছু নেই। কিছুদিন পর আবার জাতীয় দলের কোচ পদে থেকে যেতে রাজি হলেন। শর্ত, সব সহকারীকে সঙ্গে রাখতে হবে। সে শর্ত আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন মানল না। ফলে এএফএর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল ম্যারাডোনার।ছাড়াছাড়ির পর প্রকাশ্য সংবাদ সম্মেলনে গ্রন্দোনাকে মিথ্যেবাদী, প্রতারক বলেছিলেন ম্যারাডোনা। শত অনুরাগ সত্ত্বেও এএফএ প্রেসিডেন্ট গ্রন্দোনা বলেছিলেন, শর্ত না মানলে তাঁদের পক্ষে ম্যারাডোনাকে রাখা সম্ভব নয়। গ্রন্দোনা আর্জেন্টিনার নতুন স্থায়ী কোচ হিসেবে বাতিস্তাকে নিয়োগ দেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু বাজি আবার পাল্টে গেল।এবার বাজি পাল্টে গেল ম্যারাডোনা প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিনার স্বামী ও সাবেক প্রেসিডেন্ট নেস্টরের সঙ্গে দেখা করায়। যদিও এসব তথ্য জানানো গ্রানাদোস বলছেন, ম্যারাডোনা সেধে কির্চনারের সঙ্গে দেখা করেছেন, তা নয়। নেস্টর-ক্রিস্টিনা দম্পতি ম্যারাডোনাভক্ত বলে এমনিতেই পরিচিত। তাই বন্ধুকে ডেকে পাঠিয়েছিলেন তাঁরা, ‘বৈঠকটা এক পক্ষের ইচ্ছেতে হয়নি। বিশ্বকাপের পর দুই পক্ষই দেখা করতে চাচ্ছিল। ম্যারাডোনার ভক্ত হিসেবেই নেস্টর ও ক্রিস্টিনা জানতে চাচ্ছিলেন, বিশ্বকাপের পর তিনি কেমন আছেন। আর নেস্টরের সাম্প্রতিক অসুস্থতার পর ডিয়েগোও দেখা করতে চাচ্ছিলেন।’এই প্রীতি-সাক্ষাতেই ম্যারাডোনা এএফএ বিষয়ে নেস্টরকে কিছু পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন গ্রানাদোস। আর এরই এক ফাঁকে উঠে এসেছে আবার ম্যারাডোনার কোচ হওয়ার প্রসঙ্গ। এ প্রসঙ্গে ম্যারাডোনাও যে এখন একটু নমনীয়, তা গ্রানাদোসের কথায় পরিষ্কার, ‘ডিয়েগো জাতীয় দলে ফিরতে চায়। হ্যাঁ, যদি নতুন সহকারীদের নিয়ে কাজ করাই একমাত্র উপায় হয়, তাহলে সেটাই বিবেচনা করবে ও।’তার মানে মানকুসো, রুগেরি, এনরিকেকে বাদ দিয়ে দলে ফিরবেন ম্যারাডোনা! শেষ পর্যন্ত সেটা কি বিশ্বাসঘাতকতা হবে না? ওয়েবসাইট।