মাথা নোয়াবার নয়
ফরাসি আর ইংলিশরাই যা একটু ব্যতিক্রম! নইলে এবারের বিশ্বকাপটাকে ‘মাথা উঁচু করে ফেরার বিশ্বকাপ’ বলে ঘোষণা দেওয়া যেত। ঘানা, দক্ষিণ কোরিয়া, স্লোভাকিয়া, জাপান থেকে শুরু করে আর্জেন্টিনা পর্যন্ত হেরে দেশে ফিরেও বীরের সম্মান পেয়েছে।নিশ্চিত করেই বলা যায়, দেশে ফিরে বীরের সম্মান পাবেন ডিয়েগো ফোরলানরাও। নতুন ইতিহাস তৈরি করতে পারুন, আর নাই পারুন; উরুগুয়ের খেলোয়াড়েরা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের দেশকে টেনে তুলেছেন এক অন্ধকার যুগ থেকে। বিশ্বকাপ ট্রফির চেয়ে দেশের ফুটবলের পুনর্জাগরণটা নিশ্চয়ই কম পাওয়া নয়!হল্যান্ডের কাছে সেমিফাইনালে ৩-২ ব্যবধানে হেরে গেলেও এই পাওয়াটাকেই বুকে জড়িয়ে নিচ্ছেন উরুগুয়ের কোচ-খেলোয়াড়েরা। পাওয়ার কথাটা সবার হয়ে যেন বলে দিলেন মিডফিল্ডার এজিডিও আরেভালো রিওস, ‘আমরা ভালো একটা বিশ্বকাপ খেললাম, সবকিছু ভালোমতো হয়েছে। আমরা যা অর্জন করেছি, দীর্ঘকালের মধ্যে সেটা উরুগুয়ে পায়নি। আমরা অনেকগুলো ম্যাচ জিতেছি, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা আরও সামনে যেতে চেয়েছিলাম, পুরো পথই পাড়ি দিতে চেয়েছিলাম। কিন্তু দেখুন, আমরা এমন একটা শক্ত দলের মুখোমুখি হলাম, যারা অনেক ভালো ফুটবল খেলে।’উরুগুয়ের বিশ্বকাপ আক্ষরিক অর্থে শেষ হয়ে যায়নি। এখনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাকি আছে তাদের। তবে সে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বিদায়ের সুর বেজে উঠেছে উরুগুয়ের শিবিরে। বিদায়বেলায় এই সেমিফাইনালের গর্বটাকে সঙ্গী করতে চাচ্ছেন অস্কার তাবারেজ।স্বভাবমতোই বৃহত্তর দৃষ্টিভঙ্গি দিয়ে নিজের পারফরম্যান্স মূল্যায়ন করলেন তাবারেজ, ‘যখন আমরা এই বিশ্বকাপের দিকে ফিরে তাকাব তখন বলতে পারব, আমরা চার সেমিফাইলিস্টের একটা দল ছিলাম; বাকি তিন দল ছিল ইউরোপের পাওয়ার হাউস। আজ যখন আমি ফাইনালিস্ট দলটার দিকে তাকাই, তখন বলতে পারি আমরা এই দলটাকে বিপদে ফেলেছিলাম।’চল্লিশ বছর পর আবার সেমিফাইনালে তুলেছেন উরুগুয়েকে। সেমিফাইনালে ওঠার পর ফাইনালের স্বপ্ন উরুগুয়ের লোকজন দেখতেই পারত। কিন্তু তাবারেজ বলছেন, যে লড়াই খেলোয়াড়েরা হল্যান্ডের বিপক্ষে করেছেন, তার চেয়ে বেশি কিছু চাওয়া সম্ভব ছিল না, ‘আমি উরুগুয়ের বিশ্বমানের ফুটবল সম্পর্কে জানি। ফলে আমি বলতেই পারি, আমার দলের পারফরম্যান্স দেখে আমি খুশি ও গর্বিত। তারা হল্যান্ডের সঙ্গে সমানে সমান লড়াই করেছে, কিন্তু শেষ মুহূর্তে আরেকটা গোল করতে পারেনি। এর চেয়ে বেশি কিছু খেলোয়াড়দের কাছে আমি বা দেশের লোকজন চাইতে পারি না।’হল্যান্ডের বিপক্ষে নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত মিডফিল্ডার আলভারো পেরেইরাও। তবে সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাওয়ায় কষ্টেও আছেন পেরেইরা, ‘আমরা এই খেলা জেতার জন্য সবকিছু করেছি, কিন্তু জিততে পারিনি। আমাদের হারের কারণ, ওরা গোল করতে পেরেছে। ওরা দুই গোল করার পর আমরা আর সমতা ফেরাতে পারলাম না। দল তার সর্বোচ্চই দিয়েছে। জাতীয় দলে খেলার আনন্দ ও গর্ব আমাদের আপাতত এখানেই শেষ হয়ে গেল।’যদিও হল্যান্ডের দ্বিতীয় গোলটা অফসাইড ছিল বলে দাবি করছেন অস্কার তাবারেজ, তার পরও সেমিফাইনালে জয়ের জন্য ডাচদের কৃতিত্ব দিতে ভুল করছেন না। শেষ পর্যন্ত বলছেন, হার হিসেবে এমন লড়াকু হারই মেনে নিতে পারেন তিনি। এমন লড়াকু হার মেনে নিচ্ছে উরুগুয়ের লোকজনও। মন্টেভিডিওর এক বড় পর্দায় খেলা দেখা শেষ করে সেই কথা বলছিলেন মিল্টন কুইন্তানা নামের এক সমর্থক, ‘আমি এই দলের জন্য গর্বিত। হ্যাঁ, হেরেছি বলে কষ্ট লাগছে। কিন্তু আমরা মাথা উঁচু করে শেষ করতে পেরেছি বলে আনন্দও লাগছে।’এই সেই মাথা উঁচু রাখার গর্ব। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।