মাথা হেঁট করে ফ্রান্সের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন সাজানো চিত্রনাট্য অনুসরণ করেই শেষ হলো ফ্রান্সের বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকারও। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে কাল অলৌকিক কিছু করতে হতো এই দুই দলের কোনো একটিকে। ০-২ গোলে পিছিয়ে পড়ে সেই সম্ভাবনার অপমৃত্যু ফ্রান্স ঘটিয়ে দিয়েছে প্রথমার্ধেই। শেষ পর্যন্ত ২-১ গোলে হার গতবারের রানার্সআপদের। দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে বটে, কিন্তু তার পরও জুটেছে ইতিহাসের প্রথম স্বাগতিক দল হিসেবে প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার লজ্জা।প্রথম রাউন্ডে এই দুই দলের বিদায় প্রায় নিশ্চিত হয়ে ছিল আগেই। যেমন নিশ্চিত ছিল উরুগুয়ে-মেক্সিকোর উত্তরণ। শেষ পর্যন্ত ওই ম্যাচটি হয়ে গেল গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্সআপ নির্ধারক। লুইস সুয়ারেজের গোলে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো উরুগুয়ে। ‘বি’ গ্রুপের সম্ভাব্য গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে পরের রাউন্ডে তাই দেখা হচ্ছে মেক্সিকোর।গত তিনটি বিশ্বকাপের দুটোরই ফাইনালে ওঠা ফ্রান্স এবারের বিশ্বকাপের স্মৃতি যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতেই চাইবে। আনেলকা-কাণ্ডের জের ধরে খেলোয়াড়দের ধর্মঘট—লেজেগোবরে অবস্থা হয়ে গিয়েছিল ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত ফরাসি ক্রীড়ামন্ত্রী রোজেলিন বাশেলট কাল ফরাসি ড্রেসিংরুমে গিয়ে আবেগঘন বক্তৃতা পর্যন্ত দিয়েছেন। কিন্তু পেছনের সব ঝুটঝামেলা-কলঙ্ক মুছে ফেলার মতো কোনো কিছু করে দেখাতে পারল না আলু দিয়ারার দল।দিয়ারা! হ্যাঁ, ‘বিপ্লবী’দের প্রাপ্যটা কাল বুঝিয়ে দিতে ফ্রান্স দলে ছয়টি পরিবর্তন। অনুশীলন বয়কটে নেতৃত্ব দেওয়ায় দলের নেতৃত্ব হারিয়েছেন প্যাট্রিস এভরা। কাল শেষ ম্যাচে নামানোই হয়নি তাঁকে। আরেক ‘হোতা’ ভাবা হচ্ছে যাঁকে, সেই থিয়েরি অঁরি অবশ্য ৫৫ মিনিটে মাঠে নেমেছেন, ফিরে পেয়েছেন অধিনায়কের আর্মব্যান্ডও। কিন্তু যেটি পেলে সবচেয়ে ভালো হতো, সেই গোলের দেখা পাননি এই বার্সেলোনা-তারকা।তিন ম্যাচে একটি পয়েন্ট আর একটি গোল নিয়ে বাড়ি ফিরছে ফরাসিরা। কাল ৭০ মিনিটে ফ্রাঙ্ক রিবেরির বানিয়ে দেওয়া বলে ফ্লোরেন্ত মালুদা গোল করার আগে মনে হচ্ছিল, গোল না পেয়েই বুঝি শেষ হবে ফ্রান্সের এবারের বিশ্বকাপ।এতটাই চড়াও হয়ে খেলেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ২৫ মিনিটে গোরকুফ লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে পড়েছিল ফ্রান্স—এটা একটা কারণ হতে পারে। অবশ্য মানসিকভাবে বিধ্বস্ত ফ্রান্সকে শুরু থেকেই মাঠেও ছন্নছাড়াই দেখাচ্ছিল। আর মাথা উঁচু করে বিদায় নেওয়ার মন্ত্রে উজ্জীবিত ছিল দক্ষিণ আফ্রিকা। ২০ মিনিটে খুমালোর গোলটি তারই প্রমাণ। ৩৭ মিনিটে এমফেলার গোলটি অবশ্য ফ্রান্সের ভুলেই।ফরাসি গোলরক্ষক দারুণ কিছু সেভ করেছেন। একটা শট পোস্টেও গিয়ে লেগেছে। এই তিনটা গোল হলেই দ্বিতীয় রাউন্ডে চলে যেত দক্ষিণ আফ্রিকা! মেক্সিকোর সমান ৪ পয়েন্টই তাদের। গোল ব্যবধানে চলে গেল মেক্সিকো। কাল উরুগুয়ের চেয়ে দ্বিগুণ সময় বলের দখল রেখেও যারা জিততে পারেনি। মেক্সিকানরা গোলের সুযোগই তৈরি করতে পেরেছিল মাত্র একটি। অন্যদিকে পাঁচটি সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। এরই একটি কাজে লাগিয়েছেন সুয়ারেজ। যেটি এই মৌসুমে ক্লাব আর জাতীয় দল মিলিয়ে ৬০ ম্যাচে তাঁর ৫৩তম গোল!