মাদক পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভদ্রলোক (!) পরিকল্পনাটা ভালোই সাজিয়েছিলেন। প্যারাগুয়ের একদল কিশোর ফুটবলারকে ব্যবহার করে চেষ্টা করেছিলেন মারিজুয়ানা পাচারের। চিলিতে ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা বলে ৩৬ জন কিশোরকে রাজি করিয়ে নিয়ে গিয়েছিলেন সীমান্ত পর্যন্ত। কিন্তু চিলির শুল্ক কর্মকর্তাদের গোয়েন্দা কুকুরের হাতে ধরা পড়ে যায় পুরো পরিকল্পনা। খেলোয়াড়দের বহনকারী বাস থেকে উদ্ধার করা হয় ৪০০ কিলোগ্রাম মারিজুয়ানা। ফল, সীমান্তরক্ষীদের হাতে ওই কিশোরদের চার দিনের হাজতবাস। পরে অভিভাবকেরা এসে উদ্ধার করেন কিশোর ফুটবলারদের। চিলির পুলিশ বাসচালক ও দুই সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রেখেছে। প্যারাগুইয়ান পুলিশও গ্রেপ্তার করেছে সফরের উদ্যোক্তা ইকুয়েডরের নাগরিক ৫৮ বছর বয়সী হুয়ান আন্তোনিও ভেলা সালাজারকে। এএফপি।