মাদকের মামলায় আদালতে পারনেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আইপিএলেই মাদক গ্রহণের দায়ে অভিযুক্ত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ওয়াইন পারনেল। সেই অভিযোগে শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো তাঁকে। গতকাল সোমবার পারনেল মুম্বাইয়ের একটি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত অবশ্য ১০ হাজার রুপির বিনিময়ে এই প্রোটিয়া ক্রিকেটারের জামিন মঞ্জুর করেছেন।আইপিএলের গত আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন পারনেল। গত বছরের মে মাসে মুম্বাইয়ের একটি হোটেলে তল্লাশি চালিয়ে মাদকের সন্ধান পায় পুলিশ। মাদক রাখার দায়ে অভিযুক্ত হন ওয়াইন পারনেলসহ ভারতীয় ক্রিকেটার রাহুল শর্মা ও আরও প্রায় ১০০ জন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদক পরীক্ষার মুখোমুখিও হন এই দক্ষিণ আফ্রিকান পেসার।প্রায় এক বছর পর ভারতে এসে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে আদালতে দাঁড়িয়েছেন। তিনি মাদক-সংক্রান্ত ব্যাপারে জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেছেন। তবে মুম্বাইয়ের যে স্থানীয় থানা পারনেলের বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ এনেছে, এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।ওয়াইন পারনেল অবশ্য খুব বেশি দিন হয়নি, দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন। ২৩ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি টেস্ট, ২৭টি ওয়ানডে ও ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন। গতবার দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেললেও পারনেল এবার ঠাঁই নিয়েছেন পুনে ওয়ারিয়র্সের তাঁবুতে।