মাদিবা আসেননি জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের নিরাবেগ থাকতে হয়, নিরপেক্ষ থাকতে হয়। কিন্তু বিশ্বকাপে বোধ হয় এটি সম্ভব নয়। নিজের দেশ বিশ্বকাপে খেলছে, ফুটবল-পৃথিবীর সেরা ৩২ দলের একটি হয়ে সেরা গৌরব অর্জনের লড়াইয়ে নেমেছে—মেক্সিকোর কয়েকজন সাংবাদিককে আবেগ ছুঁয়ে গেল ভীষণভাবেই। খেলার তখন ৭৮ মিনিট, দক্ষিণ আফ্রিকার পায়ের জঙ্গল পেরিয়ে ওদের রক্ষণে হুল ফোটাতে পারছে না মেক্সিকো দল। তাঁরা বুঝে গেলেন মেক্সিকোর আর জেতা হচ্ছে না। তাঁদের চোখগুলো বাষ্পাকুলই শুধু হলো না, গড়িয়ে গড়িয়ে অশ্রুও ঝরে পড়ল। বিশাল একটা ব্যানারও নামিয়ে ফেলা হলো গ্যালারির গা থেকে। আর ঠিক তখনই মেক্সিকোর মান বাঁচানো গোলটা করলেন রাফায়েল মার্কেজ।যন্ত্রের মতো ছকনির্ভর খেলায় ঘটনা বলতে ওই দুটি গোল। নিষ্ফলা প্রথমার্ধের পর প্রথম গোলটি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। স্টিভ পিনারের দুর্দান্ত এক ক্রসে বাঁ পায়ে তার চেয়েও সুন্দর গোলটি করেছিলেন ম্যান অব দ্য ম্যাচ সিফিউই শাবালালা। গোলের সৌন্দর্য বেড়েছে অবশ্য মেক্সিকোর কারণেই। চিরটা কাল হুল ফোটানো রক্ষণের জন্য বিখ্যাত ‘এল ট্রাই’দের রক্ষণ ওই সময় একেবারেই অরক্ষিত ছিল। অনেকটা জায়গা ছেড়ে দিয়ে ডিফেন্ডাররা পর্যন্ত আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলছিলেন। দোষ এড়াতে পারবেন না মার্কেজও। বার্সেলোনার এই ডিফেন্ডারও সামনে এগিয়ে গিয়েছিলেন।আর এই দায় থেকেই কিনা গোল করার জন্য মরিয়া হয়ে পড়েছিলেন, আর বাঁ প্রান্ত থেকে তোরার্দোর মাপা ক্রসটা পেয়ে গোল করে ফেললেন একটু দুরূহ কোণ থেকেই। সেই সঙ্গে তিনি মান বাঁচালেন দলের।মান বাঁচানো কিসের? ৭৯ মিনিটে গোল শোধ হয়ে যাওয়ার পরও কিন্তু দক্ষিণ আফ্রিকার জেতার সুযোগ ছিল। প্রথমত তারা ৬৬ মিনিটে ২-০ করে ফেলতে পারত, যদি টেকো মোডিসে একেবারে কাছ থেকে গিয়ে তেকাঠির মধ্যে বল পাঠাতে ব্যর্থ না হতেন। দ্বিতীয়ত, ৯০ মিনিটে কাটিলেগো এমফেলার শট পোস্টে লেগে না ফিরলে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাফানা বাফানা কোচ কার্লোস আলবার্তো পাহেইরা বলে গেলেন, ‘ম্যাচটা আমরা জিততেই পারতাম। কিন্তু আমার রক্ষণ ওদের স্ট্রাইকারদের আটকাতে খেয়াল করেনি, মার্কেজ ওপরে এসে গেছে। তা ছাড়া একটা শট পোস্টে লেগেছে, আরও কিছু ভালো সুযোগও আমরা নষ্ট করেছি।’শট পোস্টে লেগে ফিরে আসার পর এমফেলা গোটা দক্ষিণ আফ্রিকার হতাশার প্রতিমূর্তি হয়ে শুয়ে রইলেন মাঠে। ম্যাচ শেষে চকখড়ি দিয়ে হতাশা তার নাম লিখিয়েছে পুরো সকার সিটি স্টেডিয়ামে। সেই সকাল থেকেই বাফানা বাফানা ধ্বনি তুলে স্টেডিয়ামে আসা সমর্থকদের মুখে রা শব্দটি নেই। তবে ভাববেন না তারা নৈঃশব্দের মধ্যে ডুবে গিয়েছিল। তাদের মুখের ওই ভুভুজেলা অনবরত শব্দ ছড়িয়ে গেছে। লাখ লাখ ডেসিবেল শব্দের মিলিত আক্রমণে সবার কান ঝালাপালা হয়ে গেছে। জিতে গেলে এই ভুভুজেলার চিত্কার হয়তো বেজে চলত গোটা মাস ধরে।স্টেডিয়াম থেকে বেরোনোর সময় কয়েকজন সমর্থক যা বলে গেল, তাতে প্লাস্টিকের এই শিঙের ফুয়ের জোরটা হয়তো সাময়িক কমে গেল। আরেকটা জয় পেলে আবার তা উচ্চগ্রামে বাজতে থাকবে। সেই সম্ভাবনা আছেই। যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটা কঠিন হয়। স্বাগতিক দলের ওপর থাকে বিশাল চাপ। মেক্সিকোর মতো ‘জটিল’ একটা দলের বিপক্ষে একটা পয়েন্ট নিয়ে ফেরা খারাপ কি? সামনে ভালো কিছুর অপেক্ষায় রইল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম রাউন্ডে বিদায় নেওয়া প্রথম দল তারা হতে চায় না।সীমিত সামর্থ্য নিয়ে খারাপও খেলেনি তারা। ৪-৫-১ ছকে পাল্টা আক্রমণনির্ভর কৌশলটা তারা শতভাগ সফল তো করে ফেলেছিলই প্রায়। মারটা খেয়েছে তারা অভিজ্ঞতার কাছে। যে দলটি ১৪ বারের মতো বিশ্বকাপে এসেছে, টানা পাঁচবারের শেষ চারবার দ্বিতীয় রাউন্ডের আগে বিদায় নেয়নি, সেই মেক্সিকোর সঙ্গে পেরে ওঠা সহজ তো নয়।নেলসন ম্যান্ডেলা স্টেডিয়ামে এলে কি আরেকটু উজ্জীবিত হয়ে খেলতে পারত বাফানা বাফানারা। হয়তো, হয়তো বা নয়। তবে ‘মাদিবা’ আসতে পারেননি। কালই মারা গেছে ম্যান্ডেলার প্রপৌত্রী। এই শোক নিয়ে তিনি আসতে পারেননি। সকার সিটির ফুটবল বিধাতাও হয়তো মাদিবাহীন স্টেডিয়ামে জয় উপহার দিতে চাননি দক্ষিণ আফ্রিকাকে।