মাদিবার জন্য জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেলসন ম্যান্ডেলার মহাপ্রয়াণের পর প্রথম ক্রিকেট ম্যাচ। জয় দিয়েই মহানায়ককে স্মরণ করতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকানরা। পরশু ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারতকে আরেকটি লজ্জা উপহার দিয়েই ম্যান্ডেলা স্মরণ করেছে এবি ডি ভিলিয়ার্সের দল। ডারবানে ১৩৪ রানে জয়টাও ম্যান্ডেলাকেই উৎসর্গ করলেন প্রোটিয়া অধিনায়ক, ‘আমাদের জন্য দিনটা ছিল বেশ আবেগময়। সকালে আমরা মাদিবার কথা ভাবছিলাম। জানতাম জয়ই হবে তাঁর স্মৃতির প্রতি বড় শ্রদ্ধাঞ্জলি। আমি খুশি, আমরা এটা করতে পেরেছি।’

টানা দুই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় জয়। ভারতকে হারানোটা কি ছেলেখেলা হয়ে গেল, এমন প্রশ্নের জবাবে কিছুটা অপ্রস্তুত হয়েই পাঁচবার ‘না’ শব্দটা উচ্চারণ করে উল্টো ভারতের প্রশংসায় মাতলেন ডি ভিলিয়ার্স, ‘ওরা বিশ্বমানের একটি দল। ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। দলটাকে নিয়ে আমি এক ঘণ্টা কথা বলতে পারি। ওদের বিপক্ষে টানা দুটি ম্যাচ জিতলেও আমরা বিশ্বের এক নম্বর দলের ধারেকাছেও নেই। বিশ্বকাপ হলো ১১ ম্যাচের, আমরা তো মাত্র টানা দুটি জয় পেয়েছি।’ ওয়েবসাইট।

প্রথম ম্যাচে হারার পর বোলারদের ধুয়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়ক এবার হতাশ ব্যাটিং নিয়ে, ‘আগের ম্যাচের তুলনায় বোলাররা আজ অসাধারণ ছিল, বিশেষ করে মাঝের ওভারগুলোতে। এই উইকেটে ২৮০ রানকে ভদ্রস্থই বলতে হয়। তবে আমি হতাশ ব্যাটিং নিয়ে।’ হতাশ হওয়ারই কথা। প্রতিপক্ষের উদ্বোধনী জুটি যেখানে ব্যাট করেছে ৩৫.১ ওভার, সেখানে ভারতের পুরো ইনিংসের ব্যাপ্তিই ৩৫.১ ওভার। আগামীকাল সেঞ্চুরিয়নে শেষ ওয়ানডেটি ভারতের জন্য এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।