মাদিবার প্রয়াণেও খেলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদিবার মহাপ্রয়াণে থেমে থাকবে না দক্ষিণ আফ্রিকার ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবল, রাগবি, গলফ—সবই চলবে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পর ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তাও কেটে গেছে। ডারবানে আজ মাঠে গড়াবে দুই দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি।
সদ্য প্রয়াত সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠান ১৫ ডিসেম্বর। তার আগেও এই কিংবদন্তির স্মরণে আছে নানা রাষ্ট্রীয় আয়োজন। সেসব সূচির সঙ্গে সাংঘর্ষিক বলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ক্রিকেট সিরিজ নিয়েও। তবে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য দূর করে দিয়েছে সব অনিশ্চয়তা, ‘ক্রিকেট, ফুটবল, বিচ ভলিবল, রাগবি সেভেনসহ দক্ষিণ আফ্রিকার সব খেলাই নিজস্ব সূচি অনুযায়ী চলবে।’
ম্যান্ডেলার আত্মা এই ঘোষণায় কষ্ট পাবে, এমন ভাবার কোনো কারণ নেই। বরং প্রতিটি খেলাতেই স্মরণ করা হবে তাঁকে, সম্মান জানানো হবে দক্ষিণ আফ্রিকার জাতির পিতাকে। সব খেলাতেই বাহুতে কালো ফিতা বাঁধবেন খেলোয়াড়েরা, হবে এক মিনিট নীরবতা পালন, অর্ধনমিত থাকবে পতাকা। মাদিবাকে সম্মান জানাতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তো ভারতের সঙ্গে সিরিজটাই উৎসর্গ করেছে তাঁকে। ওয়েবসাইট।