মাদ্রিদ ডার্বিতে তাকিয়ে বার্সাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেরোটা শুরু হয়েছে এই শতকের শুরু থেকেই। এই শতাব্দীতে এখন পর্যন্ত নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের মুখ দেখেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। গত এক যুগে ২০টি ম্যাচ হয়েছে। ১৪টিই জিতেছে রিয়াল মাদ্রিদ, বাকি ছয়টি ড্র। ডিয়েগো সিমিওনে নিশ্চয়ই জাদুটোনায় বিশ্বাস করেন না। করলে আজ ঝাড়ফুঁক-তন্ত্রমন্ত্রের ব্যবস্থা হয়তো করতেন অ্যাটলেটিকোর কোচ। আজ যে স্প্যানিশ লিগের ‘মাদ্রিদ ডার্বি’তে সেই রিয়ালেরই সঙ্গে দেখা।আর্জেন্টাইন কোচ অবশ্য এক দিক দিয়ে জাদুর কাঠিই নিয়ে এসেছেন সঙ্গে করে। ২৩ ডিসেম্বর দলের দায়িত্ব নেওয়ার পর থেকে দারুণ সাফল্য পাচ্ছেন। এ সময় ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছানো অ্যাটলেটিকো সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচের মাত্র চারটিতে হেরেছে, জিতেছে ১২ ম্যাচেই। লিওনেল মেসি নিশ্চয়ই আজ তাঁর আর্জেন্টাইন পূর্বসূরির মঙ্গল কামনা করবেন। প্রার্থনা করবেন, এই শতকের গেরোটা যেন খুলে ফেলতে পারে অ্যাটলেটিকো। তা ছাড়া খেলা অ্যাটলেটিকোর মাঠেই। এই মৌসুমে লিগে নিজেদের মাঠে মাত্র দুটো ম্যাচে হেরেছে তারা। আগের ম্যাচে ভ্যালেন্সিয়া যে ধাক্কাটা রিয়ালকে দিয়েছে, তার দুটো প্রভাব পড়তে পারে এই ম্যাচে—মানসিকভাবে চাপে পড়ে যাওয়া রিয়াল আবারও পা হড়কাবে অথবা তেড়েফুঁড়ে গুঁড়িয়ে দেবে সব বাধা।এই ম্যাচ নিয়ে সিমিওনে দুটো কথা বলেছেন। প্রথমটি বার্সা সমর্থকদের পছন্দ না হলেও দ্বিতীয়টি হবে নিশ্চিত। সিমিওনে বলেছেন, লা লিগার সেরা দল নিঃসন্দেহে রিয়াল। তবে তারা অজেয় নয়, ‘আমরা সেরা দলটার মুখোমুখিই হচ্ছি। তবে এই ম্যাচে আমরা জেতার জন্যই খেলব। এরপর দেখব কী হয়। মাদ্রিদ অজেয় নয়। তবে ওরা লিগের শীর্ষ দল। ওদের সমীহ করতেই হবে। অবশ্য খেলাটা আমাদের মাঠে। এটাও আমাদের অনুপ্রাণিত করছে।’এই মৌসুমে অ্যাটলেটিকোয় নাম লেখানো রাদামেল ফ্যালকাও এরই মধ্যে লিগে ২০ গোল করেছেন। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি-রোনালদোর পরই আছেন কলম্বিয়ান স্ট্রাইকার। আজকের ম্যাচে বড় প্রভাবকই হয়ে উঠতে পারেন তিনি। তবে অ্যাটলেটিকোর সঙ্গে মৌসুমের প্রথম সাক্ষাতে হ্যাটট্রিক করা রোনালদোও যে আছেন, সেটি ভুলে গেলে চলবে না। এএফপি, রয়টার্স।ওদিকে জার্মান বুন্দেসলিগায় অন্য রকম ‘ডার্বি’তে মুখোমুখি লিগের শীর্ষ দুই দল বরুসিয়া ডর্টমুন্ড আর বায়ার্ন মিউনিখ। ইতিহাসে প্রথম ট্রেবল জয়ের (লিগ-চ্যাম্পিয়নস লিগ-কাপ) যে স্বপ্ন দেখছে বায়ার্ন, তাতে এই ম্যাচ জয় তাদের জন্য জরুরি। আজ জিতলে ডর্টমুন্ডের সঙ্গে ৩ পয়েন্টের ব্যবধান ঘুচে যাবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল আর জার্মান কাপের ফাইনালে উঠে আসা দলটির।