মাদ্রিদে উৎসব চলছেই
গত চার বছরে প্লাজা ডি সিবেলেসে খুব একটা উৎসব হয়নি। মাদ্রিদের প্রাণকেন্দ্র বলে বিবেচিত এই চত্বরে এর আগে উৎসব হয়েছে স্পেন বিশ্বকাপ জেতার পর। কিন্তু সেই অর্জন তো সবার। শুধু রিয়াল মাদ্রিদ সমর্থকদের শ্লাঘা বোধ করার অবকাশ তো ছিল না। হ্যাঁ, এর মধ্যে একবার কোপা ডেল রের শিরোপা নিয়েও উৎসব হয়েছে। কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে! অবশেষে সত্যিকারের উৎসবটাই হলো পরশু। মাদ্রিদিস্তা নামে নিজেদের সগর্বে পরিচয় করিয়ে দেওয়া হাজার হাজার রিয়াল মাদ্রিদ সমর্থকদের উপস্থিতিতে নেচে-গেয়ে উৎসব করলেন রোনালদো-ক্যাসিয়াসরা। এখান থেকেই উচ্চারিত হলো, রিয়ালের নতুন যুগের এই তো শুরু!ছাদখোলা বাসে রোনালদোরা এসেছিলেন সিবেলেসে। সঙ্গে অবশ্য ৩২তম লা লিগার ট্রফিটা ছিল না। সেটি এখনো তুলে দেওয়া হয়নি তাঁদের হাতে। অবশ্য সমর্থকেরা নিজেরাই বানিয়ে এনেছিল ট্রফির রেপ্লিকা। অনেকের হাতে ছিল ব্যানার-ফেস্টুন। কণ্ঠে ছিল গান আর স্লোগান। কিছুদিন ধরেই স্পেনে চলছে আর্থিক সংকট। বেকারত্বের হার নিকট অতীতের মধ্যে সবচেয়ে ভয়ংকর সীমায় গিয়ে পৌঁছেছে। রাজধানী বলে মাদ্রিদের ওপরই এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এই দুঃসময়ে রোনালদোরা সুখের হাসি ফোটালেন। এর জন্য রিয়াল মাদ্রিদদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে সমর্থকেরা।সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে করে গলা বসিয়ে ফেলা ৩৯ বছর বয়সী আর্মান্দো মেনা যেমন বলছিলেন, ‘এ মুহূর্তে আমরা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি। কিন্তু ফুটবল এমন একটা জাদু, যেটা আপনাকে জীবনের সব কষ্ট ভুলিয়ে দেবে। আজ রাতেও যেমন আমরা ভুলে থাকব এই সংকটের কথা।’ পাশে দাঁড়িয়ে থাকা তাঁর ৩১ বছর বয়সী বন্ধু কার্লোস কালেনো বলছিলেন, ‘আমরা সত্যিই গর্বিত। আজ আমরা নাচব, পান করব, দারুণ একটা সময় কাটাব।’রিয়ালের আভিজাত্যের অহংবোধ সব সময় উঁচু। আর তাই আগের তিন মৌসুমে বার্সেলোনাকে একের পর এক সাফল্যের বানে ভেসে যেতে দেখাটা ছিল সত্যিই কষ্টের। সেই কষ্টের হাহাকার এখন আনন্দের মূর্ছনায় মুছে ফেলছে সমর্থকেরা। হুয়ান নামের ২৩ বছর বয়সী এক ছাত্র বলছিলেন, ‘চার বছর ধরে আমাদের অপেক্ষা করতে হয়েছে। অবশেষে লিগ শিরোপাটা আমাদের! আমাদের কষ্ট করতে হয়েছে। অবশ্য বার্সেলোনাকে ওদের মাঠে যখন হারালাম, তখনই বুঝে গেছি, এবার শিরোপা আমাদেরই।’ দল পারছিল না সাফল্য এনে দিতে। তার ওপর এতটুকু আস্থা হারাননি মনিকা গার্সিয়া। ৩৯ বছর বয়সী এই সমর্থক বলেছেন, ‘এটা সত্যিই কঠিন একটা সময় ছিল। এই শিরোপা জেতার তৃপ্তি তাই অন্য রকম। আমি সব সময়ই মাদ্রিদিস্তা ছিলাম, মৃত্যু পর্যন্ত তা-ই থাকব।’ সমর্থকদের এ আস্থা, ভালোবাসার প্রতিদান সামনে আরও দিতে চান রোনালদোরা। সেই যাত্রাপথে থাকার নিশ্চয়তা দিচ্ছেন হোসে মরিনহোও। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে কেবল জার্মানি আর ফ্রান্সে কিছু জেতা হলো না তাঁর। একটা আশঙ্কা তাই রিয়াল সমর্থকেরা করতেই পারে, যাযাবর মরিনহো চলে যাবেন না তো! কিন্তু এক টিভি সাক্ষাৎকারে স্পেশাল ওয়ান বলে দিয়েছেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, এমন সব শিরোপাই জিতেছি। নিজের দেশের পর ইউরোপের প্রধান তিনটি লিগের শিরোপা। আর অন্য কোনো দেশে গিয়ে জেতার অভিলাষ আমার নেই। আর কোনো দেশের ব্যাপারে আমার আগ্রহও নেই।’ এএফপি।