
রিয়ালের লা ডেসিমা, নাকি প্রথমবারের মতো অ্যাটলেটিকোর ইউরোপ-সেরার খেতাব?
২৪ মে লিসবনের মহারণ নিয়ে অনেক কথা হচ্ছে। অনেক কথা হবে। কিন্তু সব কথার উপসংহারে ওই একটাই প্রশ্ন।
ফাইনাল গল্পের মূল কাহিনিও তাই এ প্রশ্নকে ঘিরেই। তবে এর মধ্যেই লুকানো আরও কত গল্পের চিত্রনাট্য! নিজের প্রিয় মাঠ লিসবনে আরও একবার নায়ক হয়ে ওঠার সুযোগ রোনালদোর সামনে। রিয়ালে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জেতার রোমাঞ্চ হাতছানি দিয়ে ডাকছে গ্যারেথ বেলকে। সব ঠিকঠাক এগোলে ‘ডাবল’ জিতে ফুটবল রূপকথার এক নতুন অধ্যায় লিখতে পারে অ্যাটলেটিকো।
আচ্ছা, লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে ডিয়েগো সিমিওনেই কি হবেন ইউরোপের সবচেয়ে কাঙ্ক্ষিত কোচ? লিসবনেই অ্যাটলেটিকোর হয়ে শেষ ম্যাচটা খেলবেন ডিয়েগো কস্তা? ফাইনালে জাবি আলোনসোর অভাব কীভাবে পূরণ করবে রিয়াল? স্টামফোর্ড ব্রিজে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাওয়ার পর এমন আরও কত জল্পনা-কল্পনা চলছে ফুটবল বিশ্বে!
ফুটবল-সমর্থকদের এই কল্পনার জগৎ রাঙিয়ে দেওয়ার অনেকটা কৃতিত্বই অ্যাটলেটিকোর পাওনা। দুই ‘স্বৈরাচার’ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আধিপত্য ঘুচিয়ে এবার লা লিগার শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে সিমিওনের দল। অনেক বাঘা বাঘা দলকে পেছনে ফেলে ৪০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও অ্যাটলেটিকো। সেটিও দুর্দান্ত প্রতাপে। ফাইনালে উঠে আসার পথে অ্যাটলেটিকোই এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল!
কৃতিত্বটা শুধু জয়ের কারণে নয়, জয়ের ধরনেও। সেমিফাইনালের প্রথম লেগ গোলশূন্য থাকার পর কে ভেবেছিল ফিরতি লেগে চেলসিকে ওদেরই মাঠে এমন বিধ্বস্ত করবেন কস্তা-কোকে-তুরানরা! চেলসিকে এমন দুরমুশ করার নেপথ্য নায়ক কোচ সিমিওনে, লোকে যাঁকে জাদুকর বলছে। তবে সিমিওনে নিজে কৃতিত্ব নিতে রাজি নন। খেলোয়াড়দেরই ভিজিয়েছেন প্রশংসায়, এমনকি খেলোয়াড়দের মায়েদেরও, ‘এমন সাহসী খেলোয়াড়দের জন্ম দেওয়ার জন্য আমি ওদের মায়েদের ধন্যবাদ দিতে চাই। এটা শুধু মাঠে দৌড়ানোরই ব্যাপার না। ওরা কৌশলের দিক দিয়েও ছিল খুবই দুর্দান্ত।’
অ্যাটলেটিকোর এ জয় নিশ্চিত করে দিয়েছে, চ্যাম্পিয়নস লিগে ‘অল স্প্যানিশ, অল মাদ্রিদ’ ফাইনালই হতে যাচ্ছে। ইউরোপে মঞ্চে মাদ্রিদের এ দুই ক্লাবের সর্বশেষ দেখা ১৯৫৮-৫৯ মৌসুমে, ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে। একই দেশের দুই ক্লাব চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলছে—এমন ঘটনা এর আগেও চারবার দেখেছে ফুটবল বিশ্ব। তবে একই শহরের দুই ক্লাবের মধ্যে ফাইনাল এই প্রথম। ডার্বি সামনে রেখে তাই মাদ্রিদে শুরু হয়ে গেছে উৎসবের প্রস্তুতি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস তো সেমিফাইনালের পরই শিরোনাম করেছে, ‘ফ্রম মাদ্রিদ টু হেভেন।’ আসলেই তো, মাদ্রিদবাসী এখন স্বর্গেই আছেন! কম যায়নি অন্য ক্রীড়া দৈনিক মার্কাও। পত্রিকাটির সম্পাদক এমিলিও কনত্রেরাস লিখেছেন, ‘কারও মনে কি সন্দেহ আছে, এখন ইউরোপের ক্লাব ফুটবলে কারা নেতৃত্ব দিচ্ছে? স্পেন।’ চ্যাম্পিয়নস লিগে রিয়াল-অ্যাটলেটিকোর গুণকীর্তনের পাশাপাশি স্প্যানিশ দাপট বোঝাতে তিনি টেনে এনেছেন আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়ার ইউরোপা লিগের ফাইনালে উঠার প্রসঙ্গও।
ভুল নয়। রিয়ালের লা ডেসিমা, নাকি প্রথমবারের মতো অ্যাটলেটিকোর ইউরোপ-সেরার খেতাব—এ প্রশ্নের জবাব পেতে ২৪ মে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে শেষ পর্যন্ত জয়টা যে স্পেনেরই (পড়ুন মাদ্রিদের) হচ্ছে, সেটি তো নিশ্চিত। এএফপি, রয়টার্স।
টু কি টা কি
ইউরোপীয় টুর্নামেন্টে একই দেশের দুই ক্লাবের মধ্যে এটা ১৭তম ফাইনাল
এর আগে একবারই স্পেনের দুই ক্লাব ফাইনাল খেলেছে, ১৯৯৯-২০০০ মৌসুমে ওই ফাইনালে রিয়াল হারিয়েছিল ভ্যালেন্সিয়াকে
এই নিয়ে টানা চারবারসহ মোট ছয়বার সেমিফাইনালে হারলেন হোসে মরিনহো, কোচদের মধ্যে সবচেয়ে বেশি
৪০ বছর অপেক্ষার পর আবার ফাইনালে অ্যাটলেটিকো, এর আগে ফাইনালের জন্য দীর্ঘতম অপেক্ষা ছিল ইন্টার মিলানের (১৯৭২ থেকে ২০১০)