মাদ্রিদের অতিথি রিয়াল-বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ চোখ রাখুন মাদ্রিদে। স্প্যানিশ রাজধানীতেই আজ খেলা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। যা ভাবছেন তা নয়, আজ আর কোনো এল ক্লাসিকো হচ্ছে না। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আতিথ্য নিচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের। অন্য ম্যাচে প্রতিবেশী রায়ো ভায়েকানোর সঙ্গে খেলতে মাদ্রিদের দক্ষিণ অংশে যাচ্ছে রিয়াল। লিগের ২৩ ম্যাচ শেষে দুই দলের পয়েন্টের ব্যবধান ঠিক ১০। কয়েক ঘণ্টার জন্য হলেও এই ব্যবধানটাকে ১৩ করার সুযোগ রিয়ালের সামনে। বার্সা-অ্যাটলেটিকো ম্যাচের সাড়ে পাঁচ ঘণ্টা আগেই ভায়েকানোর বিপক্ষে খেলবে হোসে মরিনহোর দল। চ্যাম্পিয়নস লিগে সিএসকেএ মস্কোর সঙ্গে শেষ মুহূর্তের গোলে ড্র করার পর আজই প্রথম মাঠে নামছে হোসে মরিনহোর দল।পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা দলটির মুখোমুখি হচ্ছে টানা তিনটি ম্যাচ জিতে আটে উঠে আসা ভায়েকানো। রিয়াল পাচ্ছে না স্ট্রাইকার করিম বেনজেমা ও অ্যাঙ্গেল ডি মারিয়াকে। আর বেনজেমার অনুপস্থিতিতে অনেক দিন পর প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন গঞ্জালো হিগুয়েইন। তবে দুই দলের শক্তির পার্থক্যটা এত বেশি, কে খেলল আর না খেলল সেটা বড় হয়ে উঠছে না। ভায়েকানো রিয়ালের সঙ্গে খেলা শেষ নয় ম্যাচের আটটিতেই হেরেছে। তাদের সর্বশেষ জয়টি ১৫ বছর আগে সেই ১৯৯৭ সালে। তবে হ্যাটট্রিক করাটাকে ডাল-ভাত বানিয়ে ফেলা ক্রিস্টিয়ানো রোনালদো দাঁড়িয়ে একটি ভুলে যাওয়া রেকর্ডের সামনে। আজ আরেকটি হ্যাটট্রিক পেলেই এক মৌসুমে একই দলের বিপক্ষে দুটি হ্যাটট্রিক হয়ে যাবে পর্তুগিজ তারকার। গত ১৮ বছরে লা লিগায় যেটা করতে পারেননি কেউ। দুই দলের প্রথম লড়াইয়ে ৬-২ গোলে জিতেছিল রিয়াল। রোনালদোর সঙ্গে একই কাতারে দাঁড়ানো লিওনেল মেসিও। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাঁর হ্যাটট্রিকেই প্রথম লেগে ৫-০ গোলে জিতেছিল বার্সা। তবে সেটা ছিল নিজেদের মাঠে। আজ ম্যাচ হবে ভিসেন্তে ক্যালদেরনে, অ্যাটলেটিকোর ঘরের মাঠে। যেখানে বার্সাকে ভালোই ঝামেলায় ফেলতে পারে দলটি। এ ছাড়া এবার প্রতিপক্ষের মাঠে সুবিধা করতে পারছে না বার্সা।নতুন বছরের নতুন কোচ দিয়েগো সিমিওনের অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি অ্যাটলেটিকো। মাত্রই ইউরোপা লিগে ইতালির লাৎসিওকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে তারা। এ ছাড়া গত তিন মৌসুমে ঘরের মাঠে বার্সাকে দুবার হারিয়েছে দলটি।তবে যা-ই হোক বার্সার লক্ষ্য রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা যাতে আর না বাড়ে সেদিকে। নিজেদের কাজটা ঠিকঠাক মতো করে অপেক্ষা করা চিরপ্রতিদ্বন্দ্বীদের পা হড়কানোর।বার্সা মিডফিল্ডার জাভি হার্নান্দেজের মতে তারা রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থাকার দল নয়। নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবা স্পেনের মিডফিল্ডার বলেছেন, ‘আমরা বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছি আর ওটার জন্যই বোধ হয় কিছুটা তাল হারিয়েছি। কবে আমরা ওই ১০ পয়েন্ট ফিরে পেতে উন্মুখ।’এরপর রিয়ালের টেনশনটা আরও বাড়ানোর জন্যই কিনা বলেছেন, ‘আমি মাদ্রিদের প্রায় সব খেলাই দেখি কিন্তু মরিনহো যা বলেন সেটা অনুসরণ করি না। আমি ফুটবলেই বেশি মজা পাই।’ এএফপি।