মাদ্রিদের উল্টো চিত্র রোমে
হাজার হাজার সমর্থকের দীর্ঘ অপেক্ষা। এর পর রাতভর নেচে-গেয়ে উদযাপন। ইউরোজয়ী স্পেন দল দেশে ফেরায় গতকাল সোমবার এটাই ছিল মাদ্রিদের চিত্র। তবে একই দিন এর ঠিক উল্টো চিত্র ছিল রোমে। ইতালীয় ফুটবলাররা দেশে ফিরলেন, কিন্তু তাঁদের বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন মাত্র কয়েক ডজন সমর্থক! ছিল না কোনো উত্সবের রং। তবে এমন ‘নিরুত্তাপ’ ফেরাটা বোধহয় প্রাপ্য ছিল না ইতালির খেলোয়াড়দের। ইউরোয় অনেকটা অপ্রত্যাশিতভাবেই ফাইনালে উঠে গিয়েছিল দলটি। খুব বড় আকারের না হোক, মোটামুটি আকারের একটা সংবর্ধনা বোধহয় তাদের প্রাপ্যই ছিলই।বিমানবন্দরে খেলোয়াড়দের স্বাগত জানাতে যে কয়েক ডজন সমর্থক উপস্থিত ছিলেন, তাঁরাই সাধ্যমতো চেষ্টা করেছেন মুহূর্তটি স্মরণীয় করে রাখতে। খেলোয়াড়েরা বাসে ওঠার আগে জাতীয় সংগীত গান সমর্থকেরা। অনেকে চান অটোগ্রাফ। এক সমর্থকের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘এগিয়ে যাও ইতালি।’বিমানবন্দর থেকে ইতালির প্রেসিডেন্ট জিওরজিও ন্যাপেলিতানোর প্রাসাদে যান খেলোয়াড়েরা। সেখানে খেলোয়াড়দের বরণ করে নেন প্রেসিডেন্ট।গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে ইতালির উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের উজ্জীবিত করতে মাঠে উপস্থিত ছিলেন জিওরজিও ন্যাপেলিতানো। ইউরোতে ফলাফল যা-ই হোক, দলকে প্রাসাদে নিমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। কোচ সিজারে প্রানদেল্লি বলেন, ‘প্রেসিডেন্টের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। তিনি ইতালির সবচেয়ে বড় সমর্থক। ফাইনালে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার হতাশা থেকে বেরিয়ে আসতে সহায়তা করছেন তিনি।’প্রেসিডেন্টকে ফুটবল উপহার দেন আন্দ্রে পিরলো ও মারিও বালোতেল্লি। ফুটবলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ন্যাপেলিতানো বলেন, ‘লাখ লাখ ইতালীয়র পক্ষ থেকে বলছি, দলের অর্জন অসাধারণ। ইতালির প্রতি যে ভালোবাসা খেলোয়াড়েরা দেখিয়েছেন, এর চেয়ে বড় উপহার আর হতে পারে না।’ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি জানান, শিরোপা জয় করতে না পারায় খেলোয়াড়েরা সবাই মর্মাহত। তিনি বলেন, ‘সব সময় একটা দুঃখ কাজ করে। শিরোপা থেকে মাত্র মাত্র এক ধাপ দূরে ছিলাম। দুর্ভাগ্যবশত, নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারিনি আমরা।’ রয়টার্স।