মাদ্রিদের 'ষড়যন্ত্র' দেখছেন বার্সা সভাপতি

বেশ কয়েক দিন ধরে ‘নেইমার-বিতর্কে’ টালমাটাল বার্সেলোনা। এ বিতর্কের আগুন সৃষ্টিতে মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যমকে দুষছেন বার্সার নতুন সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ।
স্প্যানিশ দৈনিক এল মুন্ডো কয়েক দিন আগে বোমা ফাটিয়ে জানায়, নেইমারকে সান্তোস থেকে নিয়ে আসতে ৫ কোটি ৭০ লাখ ইউরো নয়, খরচের অঙ্কটা আসলে ৯ কোটি ৫০ লাখ ইউরো। অপ্রকাশিত বাড়তি অর্থ গেছে নেইমারের বাবার পকেটে! এমন বিস্ময়কর তথ্যে বার্সেলোনার সদস্য হর্দি কাসেস তত্কালীন সভাপতি সান্দ্রো রোসেলের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ তোলেন, ক্লাবের সব সদস্যকে কেন ব্যাপারটা জানানো হলো না? ঘটনার রেশ ধরে সাবেক সভাপতি রোসেলকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে।
এ ব্যাপারে এখন মামলা চলছে স্প্যানিশ উচ্চ আদালতে। বৃহস্পতিবার স্প্যানিশ বিচারক পাবলো রুজ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। বার্তোমেউ জানিয়েছেন, যে ব্যক্তি নেইমারের চুক্তির ব্যাপারে ‘মিথ্যা তথ্য’ দিয়েছে কিংবা যারা এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে, তার বা তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত বাতিল করেনি বার্সা কর্তৃপক্ষ।
বার্তোমেউ বলেছেন, ‘মনে করি না কাসেসের পেছনে আর কেউ রয়েছে। কিন্তু তার করা মামলার সুযোগ কাজে লাগিয়েছে মাদ্রিদ। আমাদের শেষ করার চেষ্টা করছে।’ ওয়েবসাইট।