মানকড়ের নামেই আছে একটা আউট

খেলায় বেশ কিছু শব্দের চল হয়েছে। যেমন ২৬ ডিসেম্বর শুরু টেস্টকে বলে বক্সিং ডে টেস্ট। কেন? হ্যাটট্রিক শব্দটিই বা এল কেমন করে? টেনিসে ‘লাভ’ মানে কেন শূন্য? সেই সব শব্দ-শব্দবন্ধের গল্প নিয়ে আমাদের নতুন ধারাবাহিক—ক্রীড়া অভিধান। অষ্টম পর্বে থাকছে ‘মানকাডেড’। লিখেছেন অনিরুদ্ধ রহমান
প্রকৃতি অনেক সময়ই বড্ড খেয়ালি হয়ে ওঠে কারও কারও প্রতি। কখনো নিষ্ঠুর, কখনো কৌতুকপ্রিয়। তাই তো অর্থনীতির সংস্কারক একজন সফল রাষ্ট্রনায়ক হলেও মানুষ বিল ক্লিনটনকে বরং মনে রাখে মনিকা লিউনস্কির সঙ্গে, জিনেদিন জিদানের কথা মনে করলে প্রথমেই মনে করে মাতেরাজ্জিকে ঢুস মারার কথা, ব্র্যাডম্যানের হাজারো প্রাপ্তির ভিড়েও শেষ ইনিংসে ৪ রানের আফসোসটিই অনেক বড় মনে হয়, হ্যান্সি ক্রনিয়ের অবদান লোকে ভুলে যায় প্রতারণার কথা মনে করে।
ভেঙে যাওয়ার আগে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে টিকে থাকা পঙ্কজ রায়ের সঙ্গে করা ৪১৩ রানের রেকর্ড ওপেনিং জুটি, টেস্ট ক্রিকেটে ১ থেকে ১০ পর্যন্ত প্রতিটি পজিশনে ব্যাট করা মাত্র তিনজন ক্রিকেটারের একজন, একই টেস্টে শত রান এবং পাঁচ উইকেট শিকার করা প্রথম ভারতীয়, অ-ইংরেজ হিসেবে লর্ডসে ব্যাটিং এবং বোলিং উভয় অনার্স বোর্ডে নাম ওঠা তিনজন খেলোয়াড়ের একজন, দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে ভারতের প্রথম টেস্ট ম্যাচ জয়ে অসামান্য অবদান, সুনীল গাভাস্কার ভেঙে দেওয়ার আগ পর্যন্ত ২৭ বছর টিকে থাকা কোনো ভারতীয় ব্যাটসমানের ২৩১ রানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড—এত এত সব চমকপ্রদ অর্জন। তা-ও বোধ হয় যথেষ্ট ছিল না। বরাবরই নতুন কিছু করার প্রবণতা থেকেই হয়তো মুলবান্ত্রাই হিম্মতলাল মানকড় ওরফে ভিনু মানকড় গড়েছেন অনেক কীর্তিই। আর এই একটা ‘নতুন কিছু’ই বাকি সব অর্জনকে পাশ কাটিয়ে মানকড়কে অমর করে দিল ক্রিকেট বিশ্বে।
ক্রিকেট খেলার কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে দুই ব্যাটসম্যানই যখন রানের জন্য মরিয়া, বোলার বল করার আগেই ননস্ট্রাইকার ব্যাটসম্যান পপিং ক্রিজ ছেড়ে বেশ খানিকটা এগিয়ে থাকেন দৌড়ে ক্রিজ কভার করতে একটু সুবিধা পাওয়ার আশায়। বোলার বল ছোড়ার আগেই ব্যাটসম্যান বেরিয়ে গেছে ক্রিজ থেকে, সেই সুযোগে বল না ছুড়ে বোলার ফেলে দিলেন বেল। হয়ে গেল রানআউট—এটিকেই বলে মানকাড আউট।
আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথম ঘটেছিল ১৯৪৭ সালের ১৩ ডিসেম্বর অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে। মানকড় অস্ট্রেলিয়ান ওপেনার বিল ব্রাউনকে এভাবে আউট করেছিলেন বলে তাঁর নামে এই আউটের নামকরণ হয়ে যায়। ব্রাউনকেই মানকাড় একই সফরে একটা গা-গরম করা ম্যাচেও একইভাবে আউট করেছিলেন। অস্ট্রেলিয়ান মিডিয়াতে মানকাড়ের এই ‘অখেলোয়াড়সুলভ’ আচরণের জন্য সমালোচনার ঝড় বয়ে যায়। এবং এই ঘটনার পর থেকে এই ধরনের আউটকে রানআউটের চেয়ে বরং বলা হয় ‘মানকাড আউট’। পরে আইসিসি এই মানকাড আউটের প্রবণতা কমাতে আইন কিছুটা পরিবর্তন করলেও ক্রিকেট আইনের ৪২.১৫ ধারা অনুযায়ী মানকাডিং এখনো বৈধ আউট। এই আউট না থাকলে বোলার বল করার আগে ননস্ট্রাইকার যে উইকেটের মাঝপথে গিয়ে বসে থাকত!
অনেক ক্রিকেটবোদ্ধাই একে অখেলোয়াড়সুলভ বললেও অনেকেই আবার এর পক্ষেও বলেছেন, যাঁদের মধ্যে আছেন স্বয়ং স্যার ডন ব্রাডম্যানও, যিনি ১৯৪৭-এর সেই টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কও ছিলেন। মানকাড়ের খেলোয়াড়ি মনোভাব নিয়ে গণমাধ্যমের প্রশ্ন তোলাটাকেই বরং অন্যায় বলেছিলেন তিনি।
মানকড়ের সেই আউটটির পরও টেস্ট এবং সীমিত ওভারের খেলা মিলে মোট সাতবার ঘটেছে এই মানকাড আউট। এবং এই বিতর্কিত সুবিধা নিয়েছেন কপিল দেব, গ্রেগ চ্যাপেলের মতো খেলোয়াড়েরা। তবে এর ব্যতিক্রমও আছে। ১৯৮৭ বিশ্বকাপে গ্রুপ পর্বের একটা গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। হাতেও ছিল একটা মাত্র উইকেট। কার্টনি ওয়ালশ শেষ বলটি করতে এসে দেখেন ননস্ট্রাইকার ব্যাটসম্যান সেলিম জাফর ক্রিজ ছেড়ে অনেকটা দূর এগিয়ে গিয়েছেন। ওয়ালশ চাইলেই জাফরকে আউট করে দিতে পারতেন। কিন্তু ক্রিকেটীয় ভব্যতা দেখিয়ে আউট না করে বরং সাবধান করে দেন। পাকিস্তানও পরে ২ রান নিয়ে জিতে যায় ম্যাচটা। যে পরাজয়ের খেসারত ভালোমতোই দিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
পাকিস্তানের ভাগ্যটাই বোধহয় এমন। ২০০৩ সালের মুলতান টেস্টে জয়ের একেবারে বন্দরে গিয়েও শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে। বিতর্কিত সেই টেস্টে ইনজামামের অসাধারণ পারফরম্যান্স, রশিদ লতিফ বা অশোকা ডি সিলভাদের ‘পারফরম্যান্সে’র পরও হয়তো জিতে যেত বাংলাদেশ। মোহাম্মাদ রফিক সুযোগ পেয়েও উমর গুলকে মানকাড না করে শুধু সাবধান করে দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি হেরে যায় ১ উইকেটে!