মানচিনি উদ্বিগ্ন ছিলেন না!
আশঙ্কার কালো মেঘ কি আনাগোনা করতে শুরু করেছিল রবার্তো মানচিনির আকাশে? করারই কথা, আরেকটু হলেই চাকরি নিয়েই টানাটানি পড়ে যেতে পারত! পেপ গার্দিওলাই তো আগে জানিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডে কাজ করাটাই তাঁর পছন্দ। এই খবরে নড়েচড়ে বসেছিল ম্যানচেস্টার সিটি। সাফল্যবুভুক্ষু ইংলিশ চ্যাম্পিয়নদের আর যা-ই হোক অর্থের তো অভাব নেই। তবে শেষমেশ সেটা হয়নি, গার্দিওলা নতুন ঠিকানা বানিয়েছেন জার্মানির বায়ার্ন মিউনিখকে। গুজবের পালে হাওয়াটা বেশি লেগেছিল সিটি বার্সেলোনার সাবেক দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ায়। গার্দিওলার সিটিতে আসার খবর চাউর হয়ে গেলে কেমন লেগেছিল মানচিনির? মনে মনে যা-ই ভাবুন, মানচিনি মুখে বললেন একদমই নাকি উদ্বিগ্ন ছিলেন না, ‘এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। আমি বুঝতে পারছি সংবাদপত্রগুলো কেন এটা লেখে। এটা এমন একটা জায়গা যেকোনো ম্যানেজারই এখানে আসতে চাইবে। কিন্তু আমি মনে করি, আমি এখানে ভালোই করছি। আমার পাঁচ বছরের চুক্তি আছে, আর আমি মনে করি এটা পূরণ করা সম্ভব।’গার্দিওলা বায়ার্নকে বেছে নেওয়াতেও অবাক হননি সিটি কোচ, ‘বায়ার্ন মিউনিখ বার্সার মতোই বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর একটি। তার জন্য সবচেয়ে ভালো সমাধান মনে করেই সে হয়তো এ সিদ্ধান্ত নিয়েছে।’ ওয়েবসাইট।