মানচিনি-বালোতেল্লি ‘যুদ্ধ’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালোতেল্লিকে ‘ভালোতেল্লি’ বলার কোনো উপায় নেই। মানচিনিও চিনির মতো মিষ্টি স্বভাবের নন। উদ্ভট কাণ্ডকীর্তি করাটা মারিও বালোতেল্লির রক্তেই মিশে আছে। আর রবার্তো মানচিনিরও আছে মেজাজ হারিয়ে ফেলার উদাহরণ। পরশু ম্যানচেস্টার সিটির অনুশীলনে প্রায় মারামারিই লেগে গিয়েছিল এই দুজনের। কাল সংবাদ সম্মেলনে বিষয়টি ‘গুরুতর কিছু নয়’ বলে উড়িয়ে দিয়েছেন মানচিনি। যদিও সিটিতে ইতালি স্ট্রাইকারের আয়ু ফুরিয়ে এসেছে বলেই ধারণা করছে ইংলিশ মিডিয়া।জানুয়ারির দলবদলের বাজার শুরু হতে না-হতেই বালোতেল্লিকে নিয়ে এমনিতেই শুরু হয়েছিল গুঞ্জন। দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না বলে নাখোশ বালোতেল্লি ইতালিতে ফিরে যেতে চান বলেই খবর। এরই মধ্যে পরশুর এমন ঘটনা। ঘটনার জন্য অবশ্য বালোতেল্লিকেই দায়ী মনে হচ্ছে। সকালের সেই অনুশীলনের শেষের দিকে সতীর্থ খেলোয়াড় স্কট সিনক্লেয়ারকে মারাত্মক ট্যাকল করে বসেন। বিষয়টি একদমই পছন্দ হয়নি কোচের। ছুটে গিয়ে বালোতেল্লির ‘বিব’ ধরে টানতে থাকেন। বালোতেল্লিও চুপটি করে সব দেখার মানুষ নন। তিনিও পাল্টা জবাব দিতে থাকেন। এর পর কোচিং স্টাফদের মধ্য থেকে কয়েকজন এসে দুজনকে আলাদা করেন। বিষয়টির একজন প্রত্যক্ষদর্শী ম্যানচেস্টারের স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, ‘মানচিনি ওর দিকে তেড়ে গিয়েছিল। তিনি ছিলেন ভীষণ ক্ষুব্ধ। ওকে শক্ত করে ধরেছিলেন। মনে হচ্ছিল মাটিতে ধাক্কা মেরে ফেলে দিতে চান। কিন্তু মারিও বেশি শক্তিশালী হওয়ায় তা পারছিলেন না। সব কোচ তখন ছুটে গিয়ে তাদের আলাদা করে। কিন্তু মানচিনিকে আটকানো যাচ্ছিল না। তিনি আবার ছুটে এসে মারিওকে ধরে ফেলতে চাইছিলেন।’বালোতেল্লির প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই মানচিনির। এই উঠতি প্রতিভাকে তিনি ইন্টারের কোচ থাকার সময় থেকেই চেনেন। কিন্তু একই সঙ্গে এটাও বারবার বলেছেন, প্রতিভার প্রতি সুবিচার করতে হলে বালোতেল্লিকে আরও পরিণত বোধের পরিচয় দিতে হবে। দুজনের সম্পর্ক ইদানীং ভালো যাচ্ছিল না বলেই খবর। বৃহস্পতিবার সেটার চূড়ান্ত অবনতিই হয়তো হলো। বিশেষ করে অনুশীলন মাঠের পাশে থাকা এক আলোকচিত্রী পুরো বিষয়টি ক্যামেরায় তুলে ফেলে। সেসব ছবি ফলাও করে ছাপা হচ্ছে ইংলিশ মিডিয়ায়। স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়ে গেছে।অবশ্য সিটির ভেতরের এক সূত্র প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানকে বলেছে বিষয়টি যেভাবে প্রকাশিত হচ্ছে, অতটা গুরুতর কিছু নয়। এ ঘটনাকে তিনি বলেছেন ‘চায়ের কাপে ঝড়’, এর চেয়ে বেশি কিছু নয়। সিটির সবাই তা ভুলেও গেছে বলে দাবি তাঁর। একই কথা কাল মানচিনিও বলেছেন। কাল সংবাদ সম্মেলনে সিটি কোচ ঘটনাটির ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘ও যে ট্যাকলটা করেছে, সেটা নিজের সতীর্থের বদলে মাঠে প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে করলেই ভালো। আমি ওকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেছিলাম। ও বেরোয়নি দেখে আমিই বের করে দিতে চেয়েছিলাম।’সিটিতে বালোতেল্লির দিন শেষ বলেও মনে করছেন না মানচিনি। বরং বলেছেন, এই ঘটনার পরেও এক শ বার বালোতেল্লিকে দলে নেবেন, যদি বালোতেল্লি দলে অবদান রাখতে নিজেকে আরও ভালো করার চেষ্টা চালিয়ে যায়। কাল ম্যান সিটির অনুশীলনে বালোতেল্লির উপস্থিতি জানিয়ে দিচ্ছে, কথাটা মন থেকেই বলেছেন মানচিনি। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।