মানচিনিকে আবারও বিঁধলেন ম্যারাডোনা
সব সময়ই তিনি রবার্তো কার্লোসের পাশে। গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ঘটে যাওয়া মানচিনি-তেভেজের সেই ঘটনা নিয়ে ম্যারাডোনা কথা বলেছেন অনেকবারই। এবার ‘কার্লিতোসে’র সপক্ষে কথা বলতে গিয়ে রবার্তো মানচিনিকে ধুয়ে দিলেন ডিয়েগো ম্যারাডোনা। ম্যানচেস্টার সিটির ইতালিয়ান কোচকে ব্যক্তিগত আক্রমণও করেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। আল ওয়াসল কোচের ভাষায় মানচিনি একটা ‘নষ্ট মানুষ’।গত বৃহস্পতিবার লা রেড রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছেন, ‘আমি জানি মানচিনি কেমন, খুব ভালো করেই জানি। আর এ জন্যই ‘কার্লিতোসের’ সব কথা আমি বিশ্বাস করি। (রবার্তো) সাম্পদোরিয়া এবং ইন্টারে থাকতেই বখে গেছে। সিটিতে এসেও নিজেকে বদলাতে পারেনি। কোচ হিসেবে প্রত্যেকেরই নিজস্ব একটা ধরন থাকে। কিন্তু পরিস্থিতি আয়ত্তে রাখতে আপনার কিছু সুবুদ্ধিও থাকা দরকার।’ ম্যারাডোনা যখন নাপোলিতে খেলেন, মানচিনি খেলেন সাম্পদোরিয়ায়। সুতরাং ইতালিয়ান ফুটবলে খেলার সুবাদে ম্যারাডোনা তো দাবি করতেই পারেন, মানচিনিকে তাঁর ভালোই চেনা! ওয়েবসাইট।স্বদেশি তেভেজের পক্ষ নিয়ে আরেকজনকে কামান দাগতে গিয়ে ম্যারাডোনা বলেছেন নিজের একটা অন্তর্জ্বালার কথাও। ফেডারেশন কর্তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আর্জেন্টিনার কোচের চাকরি হারিয়েছেন। স্বদেশে এখন নিজেকে ‘নির্বাসিত’ মনে হয় ম্যারাডোনার! তবে এখনো নিজেকে শতভাগ আর্জেন্টাইনই মনে করেন, ‘আমার সামনে থেকে আর্জেন্টিনার প্রতিটি দরজাই সশব্দে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা অবিশ্বাস্য। আমি এক নির্বাসিত আর্জেন্টাইন। কিন্তু সবাইকে জানাতে চাই, আপাদমস্তক এখনো আমি আর্জেন্টাইন।’