মানচিনির ইচ্ছা
২০০৯ সালে ইন্টারমিলান থেকে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের এই ক্লাবটিকে ইউরোপের অন্যতম সেরা ক্লাবের পর্যায়ে নিয়ে গেছেন রবার্তো মানচিনি। গত মৌসুমে প্রায় ৩৫ বছর পর ম্যানসিটিকে এনে দিয়েছেন এফএ কাপের শিরোপা। ক্লাবটিকে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের আসরেও নিয়ে গিয়েছিলেন এই ইতালিয়ান কোচ। ২০১৩ সালে ম্যানসিটির কোচ হিসেবে তাঁর চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও আরও তিন বা চার বছর এখানেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন মানচিনি।গতকাল এক সংবাদ সম্মেলনে মানচিনি বলেছেন, ‘দুই বছর আগে আমি ম্যানসিটির কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলাম। তারপর থেকে দলটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। এখন আমি আরও তিন বা চার বছর এখানেই থাকতে চাই। কারণ আমার মনে হয়, এ মুহূর্তে ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে অন্যতম।’ খুব শিগগির চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিয়ে গত মৌসুম শেষ করেছিল ম্যানচেস্টার সিটি। আর এবার প্রথম আট ম্যাচ শেষে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মানচিনির শিষ্যরা। ওয়েবসাইট।