মানচিনির করমর্দন-প্রস্তুতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তির পতাকা ওড়ালেন রবার্তো মানচিনি। রাগ-অভিমান ভাঙিয়ে কার্লোস তেভেজের সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লাগাতে প্রস্তুত ম্যানচেস্টার সিটির ইতালিয়ান কোচ, প্রস্তুত হাত মেলাতে। ‘তেভেজ আর কখনোই ম্যান সিটির হয়ে খেলতে পারবে না।’ গত সেপ্টেম্বরের ঘটনার পর পরই এমন কঠিন দেয়াল তুলে দাঁড়ানো মানচিনি এখন একটু নরম। যদিও একটা শর্তে ছাড় দিতে নারাজ। তেভেজকেই আগে ক্ষমা চাইতে হবে তাঁর কাছে। তেভেজ ক্ষমা চাইলে মানচিনি ভুলে যাবেন অতীত!মানচিনি অবশ্য তেভেজকে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার সুযোগ আগেই দিয়েছিলেন। কিন্তু তেভেজ ওই পথ মাড়াননি। তেভেজকে আবারও সুযোগ দিচ্ছেন, এবার অনেকটাই আন্তরিক মনে হচ্ছে তাঁকে। তিক্ততার অবসান ঘটিয়ে সিটির ইতালিয়ান কোচ পথ চলতে চান মিলেমিশে।আগের দিন লিভারপুলকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর শীর্ষে ওঠার তৃপ্তিটা ২৪ ঘণ্টা পরই মুছে দিয়েছে ম্যান সিটি। পরশু জোলেয়ন লেসকটের একমাত্র গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে আবার ১ নম্বরে মানচিনির দল।শীর্ষে ওঠা এই জয়ের পরই মানচিনি ইঙ্গিত দিয়েছেন তেভেজের সঙ্গে হাত মেলাতে চান। আগের ম্যাচে ম্যানইউর ফরাসি তারকা প্যাট্রিস এভরার সঙ্গে হাত না মিলিয়ে লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ এক কেলেঙ্কারি বাধিয়েছেন। মানচিনি ওই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমি মনে করি, একটা খারাপ সময়েই হাত মেলানো নিয়ে কথা বলছি। কিন্তু হ্যাঁ, আমি চিরকালই মানুষের প্রতি ক্ষমাশীল, সব সময়ই। কার্লোস সিটির খেলোয়াড়। তিনটি মাস ধরেই আমরা চাইছি সে ফিরে আসুক।’মিউনিখ-কাণ্ডের এক সপ্তাহ পরই তেভেজের সঙ্গে কথা বলেছেন দাবি মানচিনির এবং তেভেজেরও তা অজানা নেই। এখন বলছেন তেভেজকেই ক্ষমা চাইতে, ‘আমি চাইব কি না, সে ক্ষমা চাক? আমার দৃষ্টিতে এটাই তো স্বাভাবিক। আর এর পরই কার্লোস অনুশীলন করতে পারবে এবং খেলতে পারবে, যদি সে ভালো অবস্থায় থাকে।’সিটির ইতালিয়ান কোচ বলটা ছুড়ে দিয়েছেন তেভেজের কোর্টেই। গত মাসে কাউকে কিছু না বলেই দেশে ফিরে যাওয়া তেভেজেরও নাকি আজই আর্জেন্টিনা থেকে ইংল্যান্ডে ফেরার কথা। দেখা যাক, বরফ গলে কি না! এএফপি।