মানচিনির তেভেজ-বন্দনা
‘ওই ঘটনা যদি সত্যিই প্রভাব ফেলে থাকে, আমি আশা করব পুলিশ প্রতিদিনই তাকে থামিয়ে দেবে। কারণ পরে সে তিন গোল করবে’—ম্যাচ শেষে রসিকতার সুরে বললেন রবার্তো মানচিনি। নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তার করে তেভেজকে হাজতে পুরে দিয়েছিল পুলিশ। সেখান থেকে জামিনে মুক্তি পেয়েই আর্জেন্টাইন তারকা পরশু করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। তাঁর দল সিটিও চ্যাম্পিয়নশিপের দল (দ্বিতীয় বিভাগ) বার্নসলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে উঠেছে গেছে এফএ কাপের সেমিফাইনালে। মানচিনির তো কৌতুক করারই সময়!মজার ছলে মানচিনি আসলে শিষ্যকে ভাসিয়েছেন প্রশংসায়। একটা সময় দলের দরজা যাঁর জন্য বন্ধ ঘোষণা করেছিলেন, সেই তেভেজের প্রতিই এখন মানচিনির মুগ্ধতার শেষ নেই, ‘কার্লোর গোল করে যাওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত তাঁর গোল আমাদের দরকার। লিগ এবং কাপের জন্যও।’ পরশু ১১ মিনিটে প্রথম গোল করেন, এরপর ৩১ ও ৫০ মিনিটে আরও দুটি গোল করে পূর্ণ করেন সিটিতে নিজের পঞ্চম হ্যাটট্রিক। সিটির অন্য গোল দুটি কোলারভ ও ডেভিড সিলভার। অন্য ম্যাচে এভারটনকে ৩-০ গোলে হারিয়ে ক্লাবের ৮১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠেছে উইগান। এদিকে কাল ০-২ গোলে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। নিজেদের মাঠে ম্যাচ শুরুর ১১ মিনিটের মধ্যেই হাভিয়ের হার্নান্দেজ ও ওয়েইন রুনির গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৫৯ মিনিটে বদলি খেলোয়াড় এডেন হ্যাজার্ডের গোলে ব্যবধান কমানোর নয় মিনিট পর বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে সমতায় ফেরান রামিরেস। এই দুই দলের কোনটি সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে, সেটা নির্ধারণের জন্য হবে রিপ্লে। এএফপি।