মানচিনির তেভেজ-স্তুতি
গতবার তাঁর একমাত্র গোলেই নিজেদের মাঠে চেলসিকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। কাল আবার যখন নিজেদের মাঠেই চেলসির মুখোমুখি হয়েছিল রবার্তো মানচিনির দল, কার্লোস তেভেজ কী করেছেন? এই প্রতিবেদন লেখার সময় বলার উপায় ছিল না। তবে মাঠে ফিরে গোল করে দলকে জেতালেই সেটি হবে সবচেয়ে স্মরণীয়। উপন্যাসের মতো!এই ম্যাচ দিয়েই ‘বিদ্রোহী’ তেভেজের ফেরার আভাস দিয়েছিল ইংলিশ মিডিয়ার একটি অংশ। মানচিনি পরিষ্কার করে কিছুই বলেননি। তবে ‘মিউনিখ-কাণ্ডের’ পর তেভেজের সঙ্গে তাঁর সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটি অনেকটাই কমিয়ে এনেছেন সিটি কোচ। কালকের ম্যাচের আগে আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে ‘সেরা মানের খেলোয়াড়’ আখ্যা দিয়ে মানচিনি বলেছেন, ‘ছয় মাস আগে কার্লোর সঙ্গে যা হয়েছে, সেটি স্রেফ অতীত। মৌসুমের শেষ দুই মাসে কার্লো আমাদের পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। ও নিজেও এখন মাঠে নামতে চায়।’কালকের ম্যাচটি ছিল সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী কোচের অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়ানো চেলসির বিপক্ষে পয়েন্ট হারালে শিরোপা-স্বপ্ন একটা ধাক্কা খাবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচেই তেভেজকে নামাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ইতালিয়ান কোচ, ‘অনুশীলনে ওকে ম্যাচের উপযুক্ত মনে হয়েছে। গত বছরের চেয়েও ভালো মনে হয়েছে। ও খেলতে চায়, দলকে সাহায্য করতে চায়। কার্লোকে বরাবরই আমি সেরা মানের খেলোয়াড় মনে করেছি, এমনকি যখন সমস্যা চলছিল তখনো।’তবে এখনই হয়তো প্রথম একাদশে সুযোগ তেভেজ পাবেন না। শেষ আধঘণ্টার জন্য তরতাজা তেভেজকে মাঠে নামানোর পরিকল্পনা মানচিনির, ‘ও প্রতিদিনই উন্নতি করছে। তবে আমার মনে হয় না এখন ও ২৫-৩০ মিনিটের বেশি খেলতে পারবে। কার্লোর মতো খেলোয়াড়েরা ৯০ মিনিটই খেলতে চায়, এ মুহূর্তে যেটি সম্ভব নয়। দ্বিতীয়ার্ধে ৩০ মিনিট করে টানা তিন-চারটি ম্যাচ খেললেই ও খুব সহজেই ৯০ মিনিট খেলার উপযুক্ত হয়ে উঠবে।’ ওয়েবসাইট।