মানচিনির বিরুদ্ধে মামলাও করতে পারেন তেভেজ
গত মাসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের খেলার সময় থেকেই চলছে ম্যানচেস্টার সিটি আর কার্লোস তেভেজের অন্তর্দ্বন্দ্ব। সম্প্রতি অনুষ্ঠিত একটি শুনানিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তেভেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রিমিয়ার লিগের এই শীর্ষ ক্লাবটি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচটির দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানানোর অভিযোগে তেভেজের চার সপ্তাহের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানসিটি। তবে এ রায় কিছুতেই মেনে নিতে পারছেন না তেভেজ। ক্লাব কর্তৃপক্ষের কাছে আবারও আবেদন করবেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আর তাতেও কাজ না হলে কোচ মানচিনির বিরুদ্ধেও মামলা করতে পারেন তিনি।বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-০ গোলে হারের পর তেভেজের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছিলেন কোচ রবার্তো মানচিনি। ম্যানসিটিতে তেভেজের ক্যারিয়ার শেষ বলেও ক্ষুব্ধ মন্তব্য করেছিলেন এই ইতালিয়ান কোচ। তবে এ অভিযোগ অস্বীকার করেছিলেন তেভেজ। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানাননি বলেই দাবি করেছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবুও প্রথমে দুই সপ্তাহের বহিষ্কারাদেশের পর এবার আর্থিক জরিমানার মুখেও পড়তে হচ্ছে তেভেজকে। এখন এ দণ্ডের বিরুদ্ধে আগামী ১৪ দিনের মধ্যে ক্লাব কর্তৃপক্ষের কাছে পাল্টা আবেদন করার সুযোগও পাবেন তিনি। আর তাতেও কোনো কাজ না হলে তিনি মানচিনিকে আদালতে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন। রয়টার্স ও বিবিসি অনলাইন।