মানচিনির ভরসা এখন বালোতেল্লি
মৌসুমের শুরুটা ভালোই হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। নিজেদের লিগ সূচক ম্যাচে সাউদাম্পটনকে হারিয়েই মাঠ ছেড়েছে তারা। তবু কোচ রবার্তো মানচিনির কপালে গভীর ভাঁজ। তুরুপের তাস সার্জিও আগুয়েরো যে চোটের কারণে ছিটকে পড়েছেন! সাউদাম্পটন ম্যাচের শুরুতেই হাঁটুতে চোট পান আগুয়েরো। ফলাফল, এক মাসের জন্য মাঠের বাইরে। অথচ আজ লিভারপুলের বিপক্ষে ঘরের বাইরে প্রথমবারের মতো খেলবে সিটি। এখন মানচিনিকে আস্থা রাখতে হচ্ছে ‘ব্যাড বয়’ মারিও বালোতেল্লির ওপর।বালোতেল্লিকে নিয়ে মানচিনির যেমন আশা আছে, আশঙ্কাও কম নেই। গত মৌসুমে এই অ্যানফিল্ডেই বদলি হিসেবে নেমে লাল কার্ড পেয়েছিলেন ‘সুপার মারিও’। একবার ‘ঘর পোড়া’ মানচিনির তাই সিঁদুরে মেঘের একটা ভয় থেকে যায়। ভালো খেলার সঙ্গে ভালো আচরণের জন্য বালোতেল্লিকে উদ্বুদ্ধ করাটাই এখন তাঁর আসল কাজ। বালোতেল্লির প্রতিভা নিয়ে কখনোই কারও সন্দেহ হয়নি। কিন্তু স্বভাবসুলভ খ্যাপাটেপনায় অঘটনের জন্ম দিতে সিদ্ধহস্ত এই ইতালিয়ান স্ট্রাইকার। মেজাজ হারিয়ে লাল কার্ড দেখাটা তাঁর অভ্যাস হয়ে গেছে। খামখেয়ালি শিষ্যের ওপর তিতিবিরক্ত মানচিনি একবার বলেই ফেলেছিলেন, অনেক হয়েছে, বালোতেল্লিকে এবার সিটি থেকে বিদায় নিতে হবে। পরে অবশ্য সে পথে যাননি। ইউরোর সেমিফাইনালে জার্মানির বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন বালোতেল্লি। তবে তারকাখচিত সিটিতে কতটুকু সুযোগ পাবেন, সেটা নিয়ে ছিল সংশয়। আগুয়েরোর চোটই তাঁর জন্য সৌভাগ্য বয়ে আনল। আজকে তাই মানচিনি পাগুলে ছাত্রকে একটা সুযোগ দেবেন বলেই মনে হচ্ছে, ‘আমি মনে করি, মারিওর এখন অনেক দায়িত্ব। সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। গত দুই বছরে সে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছে। আমার ধারণা, সে ভালোই করেছে। ইউরোর মতো সব সময় খেললে সে আরও ভালো করবে।’ আক্রমণভাগে মানচিনির অস্ত্র আরও আছে—কার্লোস তেভেজ, এডিন জেকো। লিভারপুল প্রথম ম্যাচেই পা হড়কেছে পুঁচকে ওয়েস্ট ব্রমউইচের কাছে হেরে। তবে রিয়াল মাদ্রিদ থেকে তুর্কি মিডফিল্ডার নুরি শাহিনকে এক বছরের জন্য ধারে এনে ব্রেন্ডান রজার্সের দল ভাবছে শক্তি তাদের বেড়েছে। কিন্তু ঘরের মাঠে চ্যাম্পিয়নদের হারানো কি এক শাহিনের শক্তি নিয়ে সম্ভব? এএফপি।