মানচিনির সঙ্গে বিবাদই তাতিয়েছে তেভেজকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মৌসুমটা দারুণ শুরু করেছেন কার্লোস তেভেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির খেলা তিনটি ম্যাচেই গোল করে দুর্দান্ত ফর্মের স্বাক্ষর রেখেছেন এই আর্জেন্টাইন প্লে-মেকার। তাঁর এই চমত্কার ফর্মের রহস্য নাকি অন্য জায়গায়! গত মৌসুমে কোচ রবার্তো মানচিনির সঙ্গে বিবাদই নাকি এই মৌসুমে ভালো করার জন্য তেভেজকে তাতিয়ে দিয়েছে।গত মৌসুমে কোচ মানচিনির সঙ্গে তেভেজের বিবাদ চূড়ান্ত পর্যায়ে উঠেছিল। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া নিয়ে কোচের সঙ্গে বেধে গিয়েছিল তেভেজের। ব্যাপারটি এতই বাজে পর্যায়ে গিয়েছিল যে, ম্যানচেস্টার ছেড়ে এই আর্জেন্টাইন চলে গিয়েছিলেন নিজের দেশে। মানচিনিও বলে বসেছিলেন, তেভেজ আর কোনোদিন ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সুযোগ পাবেন না। পরে অবশ্য অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে বিষয়টি মিটেছে । মানচিনির সঙ্গে ওই বিবাদই নাকি পাল্টে দিয়েছে তেভেজকে। এই মৌসুমে এখনো পর্যন্ত তাঁর দারুণ ফর্ম নাকি ওই কারণেই।‘খারাপ হোক, ভালো হোক, মানচিনির সঙ্গে ওই বিবাদই আমার জন্য ইতিবাচক হয়েছে।’ ইংলিশ পত্রিকা ‘ডেইলি মেইল’কে এমনটাই বলেছেন তেভেজ।‘আমি ফুটবলটা আগের চেয়ে বেশি উপভোগ করছি। ভালো খেলার একটা ক্ষুধা আমার মধ্যে তৈরি হয়েছে। আমি এটাই চাই।’ তেভেজের মন্তব্য।ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত খেললেও আর্জেন্টিনা জাতীয় দলে উপেক্ষিতই থেকেছেন ২৮ বছর বয়সী তেভেজ। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে আর্জেন্টিনা দলে তেভেজকে যোগ্য মনে করেননি আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা। তবে তাতে একেবারেই উদ্বিগ্ন নন কার্লোস তেভেজ। এ নিয়ে তাঁর রসাল মন্তব্যে অবশ্য ছিল ক্ষোভের ঝাঁজ। তেভেজ বলেছেন, ‘জাতীয় দল যদি আমাকে ছাড়া ভালো চলে, তাহলে আমি জাতীয় দলে না খেলে ভালো আছি।’ তিনি আরও বলেন, ‘এটি নিয়ে আমি একদমই ভাবি না। সাবেলা শান্তিতে তার কাজ চালিয়ে যাক—এই কামনাই করি।’