মানচিনির সেরা তিনে তেভেজ
ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখতে পারল কি পারল না, তা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই রবার্তো মানচিনির। তিনি চান তাঁর দল আগামীকাল ইস্টল্যান্ডে ম্যানইউকে হারাক, পুরো তিনটি পয়েন্ট তুলে নিক, যাতে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আরেকটু নিশ্চিন্ত হয় ম্যান সিটি। কোচের চাওয়াটাকেই নিজেদের চাওয়া হিসেবে দেখছেন সমর্থকেরা। শুধু চাওয়া নয়, তারা রীতিমতো বসে গেছে প্রার্থনায়। কিন্তু ম্যান সিটি কি পেরে উঠবে ম্যানইউয়ের সঙ্গে?সিটি রয়েছে ফর্মের তুঙ্গে। টানা তিনটি লিগ ম্যাচ জিতেছে, গোল করেছে ১৪টি। সবচেয়ে বড় কথা, মানচিনির হাতের প্রধান অস্ত্রটি একেবারে স্বয়ংক্রিয়ভাবে বারুদ ছড়াচ্ছে। সেই অস্ত্রের নাম কার্লোস তেভেজ। আগের মৌসুমে যে তেভেজ ওয়েইন রুনি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে স্ট্রাইকার হিসেবে দ্বিতীয় পছন্দ ছিলেন অ্যালেক্স ফার্গুসনের কাছে, সেই তেভেজকে ম্যানইউ থেকে এনে বদলে দিয়েছে ম্যান সিটি। রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে ফার্গুসন তেভেজের প্রতিভাকে অবমূল্যায়নই করেছেন বলে মনে করেন মানচিনি। ম্যান সিটি সেই প্রতিভার যোগ্য সম্মান দিয়েছে, তাঁকে দিয়েছে দলের এক নম্বর স্ট্রাইকারের দায়িত্ব। বিনিময়ে পেয়েছে ‘বিশ্বের সেরা তিন স্ট্রাইকারের’ একজনকে। স্বীকৃতিটা দিয়েছেন মানচিনিই, ‘আপনি যদি সেরা তিনজন খেলোয়াড়কে বাছাই করতে যান, তাহলে রুনি ও মেসির সঙ্গে তেভেজকেও আপনাকে নিতে হবে। এই মুহূর্তে মেসি সেরা। তবে কার্লোস (তেভেজ) এবং রুনি খুবই কাছাকাছি।’মানচিনি খুব একটা অযৌক্তিক দাবি যে করছেন না, তার প্রমাণ এ মৌসুমে তেভেজের ২৮ গোল। এর ২২টিই প্রিমিয়ার লিগে, যা তাঁকে রুনি (২৬) ও চেলসির দ্রগবার (২৫) পর সান্ডারল্যান্ডের ড্যারেন বেন্টের সঙ্গে যুগ্মভাবে বানিয়েছে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।মানচিনি একজন সত্যিকারের যোদ্ধা। যিনি চান প্রতিপক্ষ পূর্ণ শক্তি নিয়েই তাদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ুক। মচকে যাওয়া অ্যাঙ্কেল নিয়ে রুনি চেলসি ও ব্ল্যাকবার্নের সঙ্গে সর্বশেষ দুটি ম্যাচে খেলতে পারেননি। ম্যানইউর সেরা খেলোয়াড় যদি এ ম্যাচেও খেলতে না পারেন, তাহলে তো তারা পূর্ণ শক্তি নিয়ে নামতে পারবে না। তাই ম্যানইউ ভক্তের মতোই বলছেন, ‘রুনি যদি শনিবার খেলতে নামে, সেটাই ভালো হবে।’ তবে এই চাওয়ার মধ্যে নিজেদের বীরত্বটা আরও বেশি করে দেখিয়ে দেওয়ারও আকাঙ্ক্ষা আছে তাঁর, ম্যানইউ কোচ যাতে রুনির অনুপস্থিতিকে সম্ভাব্য হারের কারণ হিসেবে তুলে ধরতে না পারেন! ওয়েবসাইট।