মানছেন না কাপালি
প্রস্তুতি ম্যাচ দেখতেও মাঠে হাজার সাত-আট দর্শক। দলের পারফরম্যান্স যা-ই হোক, দেশের মানুষ যে দিনকে দিন ক্রিকেটমুখী হচ্ছে, সেই প্রমাণই যেন রাখল কালকের ফতুল্লা স্টেডিয়াম। মূল সিরিজেও নিশ্চিত আগ্রহের কমতি থাকবে না। মাঠের ভেতরের ক্রিকেটেও এই সিরিজে কী অপেক্ষা করছে, তারই কি একটা বার্তা দিল প্রথম প্রস্তুতি ম্যাচ?এই সিরিজের মোটামুটি অঘোষিত স্লোগান হয়ে গেছে পেস বনাম স্পিন। কাল সেটারই একটা মহড়া দেখা গেল। নাঈম-নাসির-কাপালির স্পিনই বেশ অস্বস্তিতে ফেলল সিমন্স-ব্রাভো-স্যামুয়েলসদের। আর ক্যারিবীয় পেসে ভূপাতিত বিসিবি একাদশের ব্যাটসম্যানরা।৪টি উইকেট পেয়েছেন রবি রামপল, তিনটিই ছিল শর্ট বলে। পাঁজর লক্ষ্য করে আসা তাঁর বলগুলোর যেন উত্তর জানা ছিল না কারও। মূল সিরিজে নিশ্চয় এটাই হবে মূল অস্ত্র? ‘ঠিক তা নয়, আমরা উইকেট বুঝে বোলিং করব’—মুখে গৎবাঁধা কথা বললেন বটে, কিন্তু চোখ নাচিয়ে এমনভাবে হাসলেন, যার অর্থ একটাই, ‘বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য শর্ট বলের চেয়ে মোক্ষম অস্ত্র আর কী আছে!’মজার ব্যাপার হলো, গতি আর বাউন্সে কাঁপিয়ে দিলেও কাল প্রথম স্পেলে কিন্তু কোনো উইকেটই পাননি রামপল। দ্বিতীয় স্পেলে তাই ফিরলেন আরও ভয়ংকর হয়ে। জানালেন, এতে ভূমিকা আছে ওয়ানডের নতুন নিয়মের, ‘দুটি নতুন বলে বোলিং করা অনেক ব্যবধান এনে দিয়েছে। বল নতুন থাকছে বলে গতি কমছে না, বল সুইং করছে, স্কিডও করছে।’পেস বোলিংটাই ক্যারিবীয়দের মূল শক্তি, মানছেন অলক কাপালি। কিন্তু শর্ট বলে সহজেই ঘায়েল হবেন, এটা আবার মানতেই চাইলেন না, ‘আমার কিন্তু মনে হয় না শর্ট বলে খুব একটা সমস্যা হবে। গত সিরিজেই তো ব্রেট লি ছিল, খুব সমস্যা হয়নি। ওদের একটা-দুটো বল একটু বেশি লাফিয়ে উঠে, সেটাই খানিকটা সমস্যা করে। আমার বলটাই যেমন (আউট হয়েছেন যে বলে) একটু বেশি লাফিয়েছিল, যেমন ভেবেছিলাম, সেভাবে আসেনি। এ জন্যই সমস্যা হয়েছে।’বাজেভাবে হেরে যাওয়া ম্যাচটি থেকে নাকি জয়ের মন্ত্রটাও খুঁজে পেয়েছেন এই অলরাউন্ডার, ‘আজকে আমাদের প্রায় সবাই ছিল অফ স্পিনার, নাসির-নাঈমদের খেলতেই বেশ ভুগেছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। রাজ্জাক-সাকিব-ইলিয়াসদের বাঁহাতি স্পিনে ওদের আরও বেশি সমস্যা হওয়ার কথা। আমার তো মনে হয়, আমাদের জয়ের সম্ভাবনা তাই কম নয়।’অলকের কথা হয়তো ঠিক। কিন্তু বাংলাদেশের স্পিন ওদের যত ভোগাবে, ক্যারিবীয় পেস তো বাংলাদেশের ব্যাটসম্যানদের তার চেয়েও বেশি ভোগাতে পারে। গতিতারকার একজন, কেমার রোচ তো কাল খেলেনইনি। টেস্ট সিরিজে আসছেন ফিদেল এডওয়ার্ডস। পেসারদের নিয়ে ভাবতে গিয়ে সর্বনাশ হতে পারে দেবেন্দ্র বিশুর লেগ স্পিনেও। কাল খেলেননি তিনিও।তাহলে কী অপেক্ষা করছে? যে দল কম বাজে ব্যাটিং করবে, সিরিজ জিতবে তারাই!