মানজুকিচের জোড়া গোল, ক্রোয়েশিয়া উড়িয়ে দিল ক্যামেরুনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রোয়েশিয়া-ক্যামেরুন ম্যাচ
ক্রোয়েশিয়া-ক্যামেরুন ম্যাচ

তিনি ক্রোয়েশিয়ার মারণাস্ত্র। নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি ব্রাজিলের বিপক্ষে। সেদিন নিশ্চয় আক্ষেপের আগুনে পুড়তে হয়েছিল বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারের! ক্যামেরুনের বিপক্ষে নেমেই তাই ঝাপিয়ে পড়লেন ক্ষুধার্ত বাঘের মতো! ক্যামেরুনের আলগা রক্ষণভাগের সুযোগে করলেন জোড়া গোল! দল জিতল ৪-০ ব্যবধানে। এতে দ্বিতীয় পর্বে যাওয়ার আশাটা টিকে রইল ক্রোটদের।

১১ মিনিটে ইভান পারিসিচের পাসে আলতো টোকায় ক্যামেরুনের জালে বল জড়িয়ে দিলেন ইভিকা অলিচ। ৪০ মিনিটে মিনিটে মারিও মানজুকিচকে কনুই দিয়ে গুতো দিলেন অ্যালেক্স সং! শাস্তি হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো বার্সালোনার ডিফেন্সিভ মিডফিল্ডারকে। ৪৮ মিনিটে অনেকটা একক চেষ্টায় দারুণ এক গোল দিলেন ইভান পরিসিচ। এর পরের গল্পটা মানজুকিচের। ৬১ মিনিটে দলের প্রাণভোমরার অসাধারণ হেডে স্কোরলাইন ৩-০ করে ফেলল ক্রোয়েশিয়া। ৭৩ মিনিটে গোলটিও চমকপ্রদ। এদুয়ার্দোর শটটি ক্যামেরুনের গোলরক্ষক চার্লস ইতাঞ্জের হাতে লেগে ফিরে আসে মানজুকিচের কাছে। কোনো ভুল হয়নি। সোজা ক্যামেরুনের জালে! শেষ দিকে ফাঁকা গোলপোস্ট পেয়েও ইভান রাকিতিচ গোল করতে পারেননি। নইলে ব্যবধান আরও বাড়ত।

ম্যাচের আগে ইতো বলেছিলেন, ‘প্রার্থনা করছি...দেশটার জন্য কিছু করার সুযোগ পাই’। তিনি মাঠে নামারই সুযোগ পাননি। ৪০ মিনিটেই ১০ জনে পরিণত হওয়া ক্যামেরুন দলকে ক্রোয়েশিয়ার আক্রমণ সামলাতেই কেটেছে সময়! মাঝেমধ্যে অবশ্য আফ্রিকার অদম্য সিংহরা ক্রোয়েশিয়ার রক্ষণভাগে হানা দিয়েছে। তবে ভালো ফিনিশারের অভাবে সেগুলো জাল খুঁজে পায়নি। শেষ দিকে ক্যামেরুনের একোতো আর মুকানজো নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লেন। বোঝাই যাচ্ছে, কতটা ছন্নছাড়া ছিলেন ভলকার ফিনকের শিষ্যরা। বল দখলে অবশ্য দুই দল প্রায় কাছাকাছি—ক্যামেরুন ৪৯ শতাংশ, ক্রোয়েশিয়া ৫১। ক্রোটরা লক্ষ্যে শট নিয়েছে ১৪টি, ক্যামেরুন সেখানে ৭টি। পরিসংখ্যান বলে দিচ্ছে, কতটা আক্রমণাত্মক ছিলেন নিকো কোভাচের ছাত্ররা।

আফ্রিকার অদম্য সিংহদের বিশ্বকাপে জয় যেন মরীচিকা! সর্বশেষ জয়টি এসেছে সেই ২০০২ সালে, সৌদি আরবের বিপক্ষে। অন্যদিকে আজকের জয়ে ‘এ’ গ্রুপের সমীকরণ কঠিন করে তুলল ক্রোয়েশিয়া।

আর এ পরাজয়ে বিশ্বকাপ-অধ্যায় শেষ হলো ইতোদের।