মানতে কষ্ট জেরার্ডের
উরুগুয়ের বিপক্ষে জয়ই ছিল পাখির চোখ, ড্র নয়। ড্র করার মানসিকতা থাকলে একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া যেত। স্টিভেন জেরার্ড অন্তত তা-ই মনে করেন। ইংল্যান্ড অধিনায়কের কথা সত্যি হতো কি না কে জানে। তবে সুয়ারেজকে পেয়ে উজ্জীবিত উরুগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে জেরার্ডরা। কয়েকটি ‘কিন্তু’, ‘যদি’র ওপর নির্ভর করছে বিশ্বকাপে ইংল্যান্ডের ভবিষ্যৎ।
দুদলই খেলেছে গতিময় ফুটবল। তবে চার সপ্তাহ পর চোট কাটিয়ে ফেরা সুয়ারেজই গড়ে দিয়েছেন ব্যবধান। লিভারপুল সতীর্থ সুয়ারেজের যে এই সামর্থ্য আছে, তা জেরার্ডের চেয়ে ভালো আর কে জানতেন! জেরার্ড তাই আত্মসমালোচনাই করছেন, ‘যখন সমতায় ফিরলাম, আমরা খেলাটা ঠিকভাবে ধরে রাখতে পারিনি। আমরা কোনোভাবেই সুয়ারেজকে সুযোগ দিতে পারি না। কারণ, সে ওই পজিশনে রীতিমতো বিধ্বংসী।’ সুয়ারেজের অনবদ্য গোলে এগিয়ে যাওয়া উরুগুয়েকে ইংল্যান্ড সমতায় নামায় রুনির গোলে। কিন্তু ৮৫ মিনিটে সুয়ারেজের দ্বিতীয় গোলে হার মানতে হলো ইংল্যান্ডকে। জেরার্ডের এখন মনে হচ্ছে, রণকৌশলটাই ভুল ছিল তাঁর দলের, ‘আমাদের আরেকটু চতুর, আরেকটু কৌশলী, আরেকটু অভিজ্ঞ হওয়া প্রয়োজন ছিল। যখন আমরা ১-১ সমতায় ছিলাম, তখন দ্বিতীয় গোলের জন্য ভাবাটা মোটেও ঠিক হয়নি।’
ইংল্যান্ড ‘জঘন্য’ ফুটবল খেলে হারেনি। বরং গোলমুখে বেশি শট রুনিরাই নিয়েছেন। বল পজেশনেও অনেক এগিয়ে থাকা ইংল্যান্ড তবু ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি। জেরার্ড তা মেনে নিতে পারছেন না, ‘আমি খুবই হতাশ, কারণ গত দুই ম্যাচেই আমরা যথেষ্ট ভালো খেলেছি। দুটিতেই না হোক, অন্তত একটি ম্যাচের ফল আমাদের পক্ষে আসা উচিত ছিল।’
ইংল্যান্ড প্রথম রাউন্ডের বৈতরণি পেরোতে পারবে কি না, সেটি অনেকটাই নির্ভর করছে ইতালির ওপর। ইতালি যদি তাদের বাকি দুটি ম্যাচই জেতে, আর ইংল্যান্ড শেষ ম্যাচে কোস্টারিকাকে হারায়, তাহলেই কেবল ইংল্যান্ডের শেষ ষোলোর আশা থাকবে। তবে ইংল্যান্ড অধিনায়কের তা মেনে নিতে যেন কষ্ট হচ্ছে, ‘ইতালি দুর্দান্ত একটি দল এবং দুটি ম্যাচই তারা জেতার সামর্থ্য রাখে। কিন্তু আমরা খড়কুটো আঁকড়ে ধরে আছি। যখন ব্রাজিল আসি, তখন ভাবিনি এমনটা হবে। এটি সত্যিই খুব কষ্টদায়ক।’
খাদের কিনারায় ইংল্যান্ড। তবে নিজেদের পারফরম্যান্স বিচার করে জেরার্ড হতাশ নন। হতাশ ভাগ্যকে পাশে না পাওয়ায়। ইংল্যান্ড সর্বশেষ গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল ১৯৫৮ সালে। এবার দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ফুটবল-বিধাতার সাহায্য ছাড়া ইংল্যান্ডের মনে হয় চলবেই না। এএফপি।