মানতে পারছেন না মানচিনি
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আর্থিক নীতি প্রণয়ন করা হয়েছে গত বৃহস্পতিবার। যার অর্থ, এখন থেকে চাইলেই ক্লাবগুলো যথেচ্ছ ব্যয় করতে পারবে না। এই সিদ্ধান্ত খুশিমনে মেনে নেওয়ার কারণ নেই রবার্তো মানচিনির। নব্য ধনী ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ এতে একমত ননও, ‘আমি দ্বিমত পোষণ করছি। কারণ, আমি ধনী হলে আমার সব অর্থই আমার দলের পেছনে খরচ করতে চাইব। এটাই আমার কাজ। সার্বিকভাবে এই নীতির সঙ্গে আমি একমত নই।’‘মধ্যপ্রাচ্য বিপ্লবের’ পর সিটি কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছে খেলোয়াড় কিনতে। এখন থেকে এই অতি ব্যয়ের লাগাম টেনে না ধরলে পয়েন্টও খোয়াতে হবে। মানচিনির বিরক্তিটা অবশ্য অন্য জায়গায়। তাঁর অভিযোগ কোনো খেলোয়াড়কে কিনতে সিটিকে একটু বেশিই টাকা খসাতে হয়, ‘যখনই ম্যানচেস্টার সিটি ১০ মিলিয়ন দামের কোনো খেলোয়াড়কে কিনতে যায়, তার দামটা চড়ে হয়ে যায় ৩০ মিলিয়ন। এটা কি ঠিক? আমার মনে হয় এটার জন্য অন্য আইন করা উচিত।’ রয়টার্স।