মানতেই পারছেন না ক্যাটিচ
কয়েক দিন আগে ওপেনার সাইমন ক্যাটিচের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ২৫ জন চুক্তিভুক্ত ক্রিকেটারের তালিকায় জায়গা পাননি ক্যাটিচ। আর অসি নির্বাচকদের এ সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না ৩৫ বছর বয়সী এই টেস্ট ওপেনার। নিউ সাউথ ওয়ালসের হয়ে ঘরোয়া ক্রিকেট চালিয়ে গেলেও ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্তটাকে আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি হিসেবেই দেখছেন তিনি। এ অপ্রত্যাশিত আঘাতের পর নিজের ক্ষোভ চেপেও রাখতে পারছেন না ক্যাটিচ। কড়াভাবেই সমালোচনা করেছেন অসি নির্বাচকদের।আজ শুক্রবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এটা একেবারেই জঘন্য একটা সিদ্ধান্ত। আমি খুবই হতাশ হয়েছি। খুব দুঃখও পেয়েছি। এ রকমটা শুধু আমার সঙ্গেই নয়, গত কয়েক বছরে অনেকেই নির্বাচকদের এ ধরনের সিদ্ধান্তের শিকার হয়েছেন।’পরবর্তী অ্যাশেজ সিরিজের আগে ভালো একটা উদ্বোধনী জুটি তৈরি করার লক্ষ্যেই ক্যাটিচকে বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল অসি নির্বাচকদের পক্ষ থেকে। এ যুক্তি একেবারেই বিশ্বাস করতে পারছেন না ক্যাটিচ। তিনি বলেছেন, ‘শেন ওয়াটসনের সঙ্গে আমার উদ্বোধনী জুটিটা অস্ট্রেলিয়ার পক্ষে অনেক সম্ভাবনাময় ছিল। ২০১৩ সালের জন্য নতুন জুটি তৈরি করার যুক্তিটা আমি বিশ্বাসই করতে পারছি না।’গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দেখিয়ে আসছিলেন ক্যাটিচ। ৫৬টি টেস্ট খেলে ৪৯.৩৬ গড়ে ৪১৮৮ রান সংগ্রহ করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর সঙ্গে চুক্তি বাতিলের এ সিদ্ধান্তের চরম সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞরাও। রয়টার্স।