মানতেই পারছেন না রুনি
নতুন কোচ রয় হজসনের অধীনে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। ফেভারিট হিসেবে সেভাবে গণ্য না হলেও ইউরো চ্যাম্পিয়নশিপে বেশ ভালো পারফরমেন্সই দেখিয়েছিলেন ইংলিশ ফুটবলাররা। কিন্তু গতকাল ইতালির কাছে হেরে প্রথমবারের মতো ইউরো কাপ জয়ের স্বপ্নটা আরও একবার অধরাই থেকে গেছে ইংল্যান্ডের। আর এই পরাজয়টা একেবারেই মানতে পারছেন না ওয়েইন রুনি। বিদায়টা পেনাল্টি শুট-আউটে হয়েছে বলেই বোধহয় কষ্টটা বেশি হচ্ছে ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকারের।পেনাল্টি ভাগ্য বরাবরই খারাপ ইংল্যান্ডের। এর আগেও আরও পাঁচবার পেনাল্টি ফাঁড়া না কাটাতে পেরে বিদায় নিতে হয়েছিল ইংলিশদের। ১৯৯০, ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপ এবং ১৯৯৬ ও ২০০৪ ইউরো চ্যাম্পিয়নশিপে। এবারও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার ব্যাপারটা কিছুতেই মানতে পারছেন না রুনি। ইংলিশ এই স্ট্রাইকার বলেছেন, ‘এভাবে বিদায় নেওয়াটা খুবই বাজে ব্যাপার। ম্যাচটা খুবই কঠিন ছিল। আর আমরা সবাই খুব ঘাম ঝরিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শুট-আউটে হেরে যাওয়াটা তাই সবার জন্যই খুব কষ্টদায়ক ব্যাপার।’তবে হারটা মেনে নিতে কষ্ট হলেও ইংল্যান্ড মাথা উঁচু করেই ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে পেরেছে বলেও মন্তব্য করেছেন রুনি। আর এই টুর্নামেন্টে খেলা উদীয়মান তরুণ প্রজন্ম ইংল্যান্ড ফুটবলকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে বলেও মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার। তিনি বলেছেন, ‘আমরা মাথা উঁচু করেই বিদায় নিতে পারব। দলে এখন অনেক তরুণ খেলোয়াড় আছে। তাদের অনেক অভিজ্ঞতাও হলো। আর এটা তাদেরকে পরবর্তী প্রতিযোগিতাগুলোতে অনেক সহায়তা করবে।’—ইএসপিএন