মানবদেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওয়ার্ড-দেয়ালে প্রতিহত হয়ে এভাবেই ফিরেছে অসংখ্য বল l এএফপি
হাওয়ার্ড-দেয়ালে প্রতিহত হয়ে এভাবেই ফিরেছে অসংখ্য বল l এএফপি

হলিউড ক্ল্যাসিক এসকেপ টু ভিক্টরি-তে এক ফুটবল ম্যাচে অসংখ্য সেভ করেছিলেন গোলকিপাররূপী সিলভেস্টার স্ট্যালোন। পরশু রুপালি পর্দার সাজানো চিত্রনাট্যকেও যেন বাস্তবের আঙিনায় ছাড়িয়ে গেলেন টিম হাওয়ার্ড। বেলজিয়ানদের আক্রমণের স্রোতে যুক্তরাষ্ট্রের গোলকিপার ছিলেন মানবদেয়াল। যুক্তরাষ্ট্রের গোলে ৩৯টি শট নিয়েছিল বেলজিয়াম, এর মধ্যে ১৮টি ছিল ঠিক লক্ষ্যে। মাত্র দুটিই পেরিয়েছে হাওয়ার্ডের দেয়াল, যে দুই গোলে জিতেছে বেলজিয়াম। বাকি ১৬টি শটই সেভ করেছেন ৩৫ বছর বয়সী গোলকিপার। বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি সেভ করার রেকর্ড এটিই, পেছনে পড়ে গেছে ১৯৭৮ বিশ্বকাপ হল্যান্ডের বিপক্ষে পেরুর রোমান কুইরোগার ১৩টি সেভ। মুগ্ধ প্রতিপক্ষ অধিনায়ক ভিনসেন্ট কম্পানি ম্যাচ শেষে টুইট করেছেন, ‘দুটি শব্দ—টিম হাওয়ার্ড। রেসপেক্ট!’ এত সেভ করেও দলকে বাঁচাতে পারেননি হাওয়ার্ড। জীবন তো আর চলচ্চিত্র নয়। রূপকথার মতো শেষ বাস্তবে খুব কমই হয়!