মানরোর আবার ফেরা

নিউজিল্যান্ড হেরেছে। তবে পরশু দলের হারেও একজন জিতেছেন!
নিউজিল্যান্ডের জন্য ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর ম্যাচ। তবে কলিন মানরোর একটি ব্যক্তিগত লড়াইও ছিল। নিজেকে প্রমাণের। দল লজ্জা এড়াতে পারেনি, তবে নিজেকে ঠিকই চিনিয়েছেন মানরো। এই তৃপ্তিই আপাতত দলের চরম হতাশার সিরিজে তাঁর সান্ত্বনার প্রলেপ। সেঞ্চুরি করে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ইনিংসের নায়ক রস টেলর, তবে মানরোই বদলে দিয়েছিলেন ইনিংসের গতিপথ!
সেঞ্চুরি না পেলেও ৭৭ বলে ৮৫ রানের ইনিংসটাতেই তৃপ্ত মানরো, ‘কেউ কেউ বলছিল শেষ ম্যাচটি “ডেড রাবার”। কিন্তু সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটিতে আমি প্রথম বলে আউট হয়েছিলাম। আমার তাই প্রমাণের অনেক কিছু ছিল। রান পাওয়াটা ছিল তাই দারুণ তৃপ্তিদায়ক। বাংলাদেশে প্রথম ম্যাচ খেলতে নেমেই রান পেয়ে ভালো লাগছে, কারণ স্পিন খেলা নিয়ে আমি কাজ করছিলাম।’
সেই ‘কাজ করার’ এমন ফলই দেখিয়েছেন, নিউজিল্যান্ড হয়তো এখন আফসোস করছে কেন মানরোকে আগেই খেলানো হয়নি! স্পিনে দারুণ স্বচ্ছন্দ তো ছিলেনই, অনেক অভিজ্ঞ সতীর্থকে শিখিয়েছেন কীভাবে স্পিনের মিছিলে ঘুরে দাঁড়াতে হয়। রাজ্জাকের ১০ বলে নিয়েছেন ১৮, সোহাগের ১৫ বলে ১৬, নাসিরের ২২ বলে ১৮ আর মাহমুদউল্লাহর ৬ বলে ৮। একের পর এক সুইচ হিটে ঘাম ছুটিয়ে ছেড়েছেন বাংলাদেশের স্পিনারদের।
শেষ পর্যন্ত সুইচ হিটের অতিভোজেই সেঞ্চুরিটা হাতছাড়া করেছেন। তবে সুইচ হিটের পসরায় তৃপ্তিটাই বেশি, ‘দু-তিন বছর ধরেই এই শট নিয়ে কাজ করছি। উপমহাদেশে বিশ্বমানের সব স্পিনারের বিপক্ষে ব্যাটিং করলে রান করার একটা উপায় তো বের করতে হবে! আর এখন নতুন ফিল্ডিং নিয়মে স্পিনাররা সাধারণ ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার রাখে না। এই শট তাই খুবই কার্যকর।’
সর্বশেষ ইনিংসেই শুধু নয়, প্রথম বলে আউট হয়েছিলেন তিনি অভিষেক আন্তর্জাতিক ইনিংসেই। অভিষেক হয়েছিল আবার জন্মভূমির বিপক্ষেই! গ্রান্ট এলিয়ট, নিল ওয়াগনারদের মতো নিউজিল্যান্ড ক্রিকেটে মানরোও দক্ষিণ আফ্রিকান ‘আমদানি।’ ১৫ বছর বয়সে মা-বাবার সঙ্গে ডারবান ছেড়ে পাড়ি দেন নিউজিল্যান্ডে। সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই টেস্ট অভিষেক গত জানুয়ারিতে। অভিষেক ইনিংসে শূন্য, রানের পর দ্বিতীয় ইনিংসে ১৫। বোলিংয়ে একমাত্র ইনিংসে উইকেট ২টি। টেস্ট অধ্যায়ের আপাতত ওখানেই যতি। ওই সিরিজেই ওয়ানডে অভিষেক, এবার রান ৯। পরের ম্যাচেই অবশ্য করলেন ৫৭। এরপর ইংল্যান্ডে গিয়ে ট্রেন্ট ব্রিজের ওয়ানডেতে আবার প্রথম বলে আউট হওয়ার পর দলের বাইরে। পরশুর ইনিংস দিয়ে আবার ফেরা।
চেষ্টা এবার থিতু হওয়ার। বরাবরেই মতোই নিউজিল্যান্ড দলে এখন পেস বোলিং অলরাউন্ডারের ছড়াছড়ি। কোরি অ্যান্ডারসন, জিমি নিশাম, গ্রান্ট এলিয়টদের সঙ্গে লড়াই আগামী বিশ্বকাপে ঘরের মাঠে খেলার। নিয়মিত পুরো ১০ ওভার বোলিং করতে পারার সামর্থ্যে আপাতত অ্যান্ডারসন ও নিশানকে নিজের থেকে এগিয়ে রাখছেন। তবে তিনিও যে হাল ছাড়বেন না, পরশুর ইনিংসই সেই প্রমাণ।
শুধু নিজের ইনিংসের কারণেই নয়, পরশুর ম্যাচটি মনে রাখবেন এত দর্শকের সামনে খেলার অভিজ্ঞতার কারণেও, ‘এমন একটা অভিজ্ঞতার অংশ হতে পারাটা দারুণ। রুবেল যখন আমাকে প্রথম বলটি করছিল, গ্যালারির গর্জনে আমার প্রায় কানে তালা লেগে যাচ্ছিল!’
আগামীকাল মিরপুরের টি-টোয়েন্টিতেও এমন গর্জনের জন্য প্রস্তুত থাকতে হবে মানরোদের। তবে সেটা সয়েও মাঠের পারফরম্যান্সে অন্তত কিছু একটা পেতে চান মানরোরা, ‘হেরেছি বলে মাথা নিচু করে বসে থেকে লাভ নেই। টি-টোয়েন্টিটা জিতে অন্তত কিছুটা আত্মবিশ্বাস বয়ে নিতে চাই শ্রীলঙ্কায়।’