মানসিক আঘাত পেয়েছিলেন সারওয়ান
২০১০ সালে জাতীয় চুক্তি থেকে বাদ পড়া। এরপর চারটি টেস্ট খেলার পরও দল থেকে বাদ। রামনরেশ সারওয়ান সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন গত বছরের জুনে। সম্প্রতি কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ ইংল্যান্ড সফরে উপেক্ষার শিকার হয়েছেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান।সারওয়ান জানিয়েছেন, একের পর এক উপেক্ষার শিকার হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। আর এর জন্য দায়ী, ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ওটিস গিবসন ও কয়েকজন কোচিং স্টাফ।‘কোচ এমন কিছু নেতিবাচক কথাবার্তা বলেছেন, যাতে আমি মানসিকভাবে আঘাত পেয়েছি। আমার মনোবল ভেঙে পড়েছিল। এটা শুধুই খেলতে না পারার কারণে নয়। নির্দিষ্ট কিছু লোক আমাকে মানসিকভাবে আঘাত করেছে। এটা আমার আত্মবিশ্বাস, খেলার ধরন সবকিছুই কেড়ে নিয়েছিল’—বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন ৩১ বছর বয়সী সারওয়ান। ২০১০ সালে জাতীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সময় সারওয়ানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর আচরণ ও ফিটনেস সন্তোষজনক নয়। এরপর মাত্র চারটি টেস্ট খেলে আবার বাদ পড়ায় মানসিকভাবে আঘাত পাওয়ার ব্যাপারটা স্বীকার করে নিয়েছেন সারওয়ান। তবে একই সঙ্গে এটাও জানিয়েছেন, এখন ভালো আছেন তিনি। এখন যে তাঁর আশপাশে সমালোচনা করার কেউ নেই!সারওয়ান বলেন, ‘এখন সব সমস্যা থেকে দূরে আছি। কোনো কিছু নিয়েই চিন্তিত নই আমি। আমার বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলার জন্যও কোনো কোচ নেই। আমি এখন আগের চেয়ে অনেক ভালো আছি। আমার কাছে সব কিছু স্বচ্ছ।’এত দিন এসব নিয়ে মুখ না খোলা প্রসঙ্গে সারওয়ান বলেন, ‘কখনোই এ নিয়ে মুখ খুলিনি। কারণ, নিজেকে একটা খোলসের মধ্যে আবদ্ধ রেখেছিলাম আমি। এমনও হয়েছে, তিন দিন পর্যন্ত ঘর থেকে বের হইনি। আমার বাবা আমাকে আমার খেলায় ফেরার প্রেরণা দিয়েছেন।’ সূত্র: ওয়েবসাইট।