মানসিক দৃঢ়তার আহ্বান সাঙ্গাকারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুরফুরে মেজাজেই থাকার কথা ছিল কুমার সাঙ্গাকারার। পারফরমেন্সের তুলনা করলে ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ভালো করেছে তাঁর দল, প্রথম দল হিসেবে ফাইনালে এসেছে শ্রীলঙ্কা। কিন্তু ভারতীয় দল নিউজিল্যান্ডকে যেভাবে উড়িয়ে ফাইনালে এসেছে, সেটাই দুশ্চিন্তার কারণ স্বাগতিকদের। এ পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।কোনো রাখঢাক না করেই সাঙ্গাকারা বলছেন, ‘আমরা মানসিকভাবে আরও দৃঢ় হতে চাই। আমি এ নিয়ে বোর্ড ও কোচদের সঙ্গে কথা বলেছি। শ্রীলঙ্কার ক্রিকেটারদের এ কাজে সহায়তা করতে পারে এমন অভিজ্ঞ কাউকে পাওয়া গেলে দারুণ হবে।’এ প্রতিযোগিতায় ভারতের দুটি জয়ের দুটিই এসেছে বীরেন্দর শেবাগের ব্যাটের ওপর ভর করে। ভারতের এই বিধ্বংসী ব্যাটসম্যানকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে শ্রীলঙ্কার? এ প্রশ্নে সাঙ্গাকারা বলেন, ‘তাঁকে থামাতে অনেকেই অনেক পরিকল্পনা করেছে। কিন্তু শেবাগ অসাধারণ ক্রিকেটার, পরিকল্পনা করে তাঁকে থামানো যাবে না।’ এখানেই থামেননি লঙ্কান অধিনায়ক। সাঙ্গাকারা বলছেন, ‘আমরা শেবাগের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আমরা প্রতিদিনই ভালো খেলতে পারি না। কন্ডিশন ও পরিস্থিতির ওপর পারফরমেন্স নির্ভর করে। অথচ সব পরিস্থিতির সঙ্গে একইভাবে খাপ খাইয়ে যাচ্ছেন শেবাগ।’—ক্রিকইনফো