মানহানির মামলা করলেন নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসের এক আদালতে মানহানির মামলা ঠুকলেন রাফায়েল নাদাল। আইনি লড়াইয়ে তাঁর ‘প্রতিপক্ষ’ ফ্রান্সের সাবেক ক্রীড়ামন্ত্রী রোসেলিন বাশলো। গত মার্চে বাশলো অভিযোগ করেছিলেন, ডোপ টেস্টে ধরা পড়ার হাত থেকে বাঁচতেই চোটের অজুহাত দেখিয়ে ২০১২ সালের শেষের ছয় মাস কোর্টের বাইরে ছিলেন নাদাল। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করা বাশলোকে তখনই আদালতের কাঠগড়ায় নেওয়ার হুমকি দিয়েছিলেন নাদাল। রোববার বার্সেলোনা ওপেন জিতে ক্লে কোর্টে সর্বোচ্চ ৪৯টি শিরোপাজয়ী আর্জেন্টিনার গিলের্মো ভিলাসকে ছুঁয়ে ফেলার পরদিনই প্যারিসে ঠিকই মামলা করলেন নাদাল।
পরে যুদ্ধ ঘোষণার মতো করে বললেন, ‘এই মামলার মাধ্যমে আমি আমার সততা ও ভাবমূর্তি এবং অ্যাথলেট হিসেবে যে মূল্যবোধ আজীবন লালন করে এসেছি, সেটি রক্ষা করতে চাই। অ্যাথলেটদের বিপক্ষে নামী লোকেরা প্রমাণ ছাড়াই মিথ্যা, অপমানজনক অভিযোগ করবে আর শাস্তির বাইরে থেকে যাবে—আমার লড়াইটা এর বিরুদ্ধেও।’ এএফপি।